বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক সংকটের নিরসন চায়। রাষ্ট্রপতি যখন বলেছেন, সংলাপ করা উচিত রাজনৈতিক দলগুলোর মধ্যে। রাষ্ট্রপতি যদি আন্তরিকভাবে কথাটি বলে থাকেন, তাহলে তিনি সত্যি কথা বলেছেন।
গতকাল বুধবার বিএনপির উদ্যোগে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। এতে তিনি সভাপতিত্ব করেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা আলোচনা চাই, সংলাপ চাই। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আলোচনার ভিত্তিতে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক, এটাই আমরা চাই। কিন্তু দুর্ভাগ্য যে আগেই প্রধানমন্ত্রী সেটা নাকচ করে দিয়েছেন। জানি না, রাষ্ট্রপতির সঙ্গে সরকারের সম্পর্কের কোনো অবনতি হয়েছে কি না। রাষ্ট্রপতি কথাটি যদি সত্যিকার আন্তরিকভাবে বলে থাকেন, তিনি সত্যি কথা বলেছেন। দেশের মানুষ সংলাপের মধ্য দিয়ে এই রাজনৈতিক সংকটের নিরসন চায়।’
২০১৪ সালের ৫ জানুয়ারির আগে আলোচনায় বসতে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর টেলিফোনের ঘটনার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সেটাও একটা পাতানো ষড়যন্ত্র ছিল। টেলিফোন আলোচনায় সমস্ত মিডিয়াকে ডেকে নেওয়া হয়েছে, তিনি কথা বলবেন। দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে একটা নাটক তৈরি করা হয়েছে।’
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে মির্জা ফখরুল বলেন, কিছু মানুষ তাঁদের কাজের মধ্য দিয়ে শতাব্দীর পর শতাব্দী টিকে থাকেন। তাঁদের কালজয়ী দর্শন, কাজ, চিন্তা-ভাবনার মধ্য দিয়ে। জিয়াউর রহমান সে ধরনেরই একজন নায়ক।
প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ জিয়াউর রহমানকে ভয় পায়, তাঁর দল বিএনপিকে ভয় পায়, তাঁর পরিবারকেও ভয় পায়। কারণ তাদের মনে অনেক দুর্বলতা।