রাষ্ট্রপতিকে দেওয়া অনুসন্ধান কমিটির নাম প্রকাশের অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে দেওয়া অনুসন্ধান কমিটির নামের তালিকা প্রকাশ করার জন্য অনুরোধ জানিয়েছে ওয়ার্কার্স পার্টি। দলটি এই অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেবে। আজ বৃহস্পতিবার দলটির পলিটব্যুরোর সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। ওয়ার্কার্স পার্টির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আজকের সভায় সভাপতিত্ব করেন। পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশার উত্থাপিত প্রস্তাব পলিটব্যুরোর সভায় আলোচনার জন্য গৃহীত হয়। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়ার সিদ্ধান্তকেও যথোচিত পদক্ষেপ বলে সভায় বলা হয়। জানানো হয়, ওয়ার্কার্স পার্টি অনুসন্ধান কমিটিকে তাদের তালিকা পাঠিয়ে সহযোগিতা করবে। ওয়ার্কার্স পার্টির সিদ্ধান্তে বলা হয়, সংসদে এ–সংক্রান্ত আইন বিবেচনার সময় পার্টির সংসদ সদস্যরা অনুসন্ধান কমিটির রাষ্ট্রপতিকে দেওয়া নাম জনসাধারণের জন্য প্রকাশের জন্য সংসদের কার্য উপদেষ্টা কমিটিতে সংশোধনী দিয়েছিল। সেই সংশোধনীগুলো গৃহীত না হলেও আইনে এ ধরনের নাম প্রকাশ বা সংসদের কার্য উপদেষ্টা কমিটির বিবেচনার জন্য পাঠানো কোনোভাবেই বাধা নয়। এতে নির্বাচন কমিশন নিয়োগের বিষয়টি অধিকতর স্বচ্ছ হবে এবং তাতে জনমতেরও প্রতিফলন ঘটবে।
ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর প্রস্তাবে বলা হয়, পার্টি আইনটিকে অসম্পূর্ণ বলে আখ্যায়িত করলেও স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে নির্বাচন কমিশন নিয়োগের আইন প্রণয়নে সরকার ও আইনমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে।

ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে বলা হয়, রাষ্ট্রপতি জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনে বর্ণিত যোগ্যতার ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন নিয়োগ দেবেন, এটা তাদের আশা। রাষ্ট্রপতি তার বিবেচনার জন্য প্রয়োজনীয় সময় নিতে পারেন। ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে বিএনপিসহ সমমনা দলগুলোকে দেশে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে আহ্বান জানান হয়। অন্যদিকে কতিপয় বামদলের নেতিবাচক সমালোচনা করে বলা হয়, এটা ঠিক যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, নিয়োগই যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন উপযুক্ত নির্বাচনী ব্যবস্থার, যা নির্বাচনে ক্ষমতা, প্রশাসনিক হস্তক্ষেপ, অর্থ, অস্ত্র ও ধর্মের ব্যবহারকে বন্ধ করতে পারে।
সভায় উপস্থিত ছিলেন পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, সুশান্ত দাস, মাহমুদুল হাসান, নুর আহমদ বকুল প্রমুখ।