রাষ্ট্রপতির উদ্যোগকে বিতর্কিত করেছে আ.লীগ: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগকে বিতর্কিত করেছে আওয়ামী লীগ। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ফখরুল এসব কথা বলেন।

আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় একটি হাসপাতালে মারা যান। ২৮ জানুয়ারি তাঁকে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়।

মির্জা ফখরুল বলেন, সবার বিশ্বাস ছিল রাষ্ট্রপতির গঠন করা নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা থাকবে। তাঁর অভিযোগ, ‘আওয়ামী লীগ কখনোই সুস্থ অবস্থায় ক্ষমতায় থাকতে পারে না। রাষ্ট্রপতির উদ্যোগকে তারা ইতিমধ্যে বিতর্কিত করেছে। এ জন্যই তারা বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘ইলিয়াস আলী থেকে শুরু করে বিএনপির অনেক নেতা-কর্মী গুম, খুন, ক্রসফায়ারে নিহত হয়েছেন। সরকার জগদ্দল পাথরের মতো বসে আছে। বিরোধীদের কথা বলার অধিকার নেই।’

পরে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও পরিবারের সদস্যরা কোকোর কবরের সামনে দোয়া মাহফিলে অংশ নেন।