রাষ্ট্রপতির বক্তব্যের উল্টো কাজ করছে সরকার: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার গণমাধ্যম বিষয়ে রাষ্ট্রপতির বক্তব্যের সম্পূর্ণ উল্টো কাজ করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাম্প্রতিক এক বক্তব্য উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল বুধবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তিনি বলেন, কয়েক দিন আগে দ্য ডেইলি স্টার-এর ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে রাষ্ট্রপতি গণমাধ্যমকে ‘সাহস করে সাদাকে সাদা এবং কালোকে কালো বলার’ পরামর্শ দিয়েছেন। তিনি গণতন্ত্রের জন্য মুক্ত গণমাধ্যমের অপরিহার্যতার কথা বলেছেন।
রিজভী বলেন, ‘বাস্তবে আমরা কী দেখতে পাচ্ছি? সরকার মহামান্য রাষ্ট্রপতির এ বক্তব্যের সম্পূর্ণ উল্টো কাজ করছেন। মাহমুদুর রহমানকে বছরের পর বছর জেলে বন্দী করে রাখা হয়েছে। আমার দেশ, দিগন্ত টেলিভিশন, চ্যানেল ওয়ান, ইসলামিক টেলিভিশনসহ ভিন্নমতের গণমাধ্যমকে বন্ধ করে রাখা হয়েছে। শওকত মাহমুদের মতো সাংবাদিক নেতাকে বিনা অপরাধে বন্দী করে রাখা হয়েছে।’
রিজভীর আশঙ্কা, মাহমুদুর রহমান যাতে জেল থেকে বের হতে না পারেন, সে জন্য তাঁকে আরও মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়ানোর পাঁয়তারা করছে সরকার।
সংবাদ সম্মেলনে আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, নগর সম্পাদক এম আবদুল্লাহ, বিএনপির নেতা নাজিম উদ্দিন আলম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।