রাষ্ট্রপতির বক্তব্যের উল্টো কাজ করছে সরকার: রিজভী

‘সরকার মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যের সম্পূর্ণ উল্টো কাজ করছে’—বলে অভিযোগ করেছে বিএনপি। গণমাধ্যম সম্পর্কে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাম্প্রতিক একটি বক্তব্যের উল্লেখ করে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির নেতা এম কে আনোয়ার, মির্জা আব্বাস, শহীদ উদ্দিন চৌধুরীর মুক্তির দাবিতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
রিজভী উল্লেখ করেন, কয়েক দিন আগে দ্য ডেইলি স্টার-এর ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে রাষ্ট্রপতি গণমাধ্যমকে ‘সাহস করে সাদাকে সাদা এবং কালোকে কালো বলার’ পরামর্শ দিয়েছেন। রাষ্ট্রপতি গণতন্ত্রের জন্য মুক্ত গণমাধ্যমের অপরিহার্যতার কথা উল্লেখ করে বলেছেন, ‘সংবাদপত্রের বিরুদ্ধে আক্রমণ গণতন্ত্রের জন্য হুমকি।’ এসব উল্লেখ করে বিএনপির এই নেতা প্রশ্ন তুলে বলেন, ‘বাস্তবে আমরা কী দেখতে পাচ্ছি? সরকার মহামান্য রাষ্ট্রপতির এ বক্তব্যের সম্পূর্ণ উল্টো কাজই করছেন। মাহমুদুর রহমানকে বছরের পর বছর জেলে বন্দী করে রাখা হয়েছে। আমার দেশ, দিগন্ত টেলিভিশন, চ্যানেল ওয়ান, ইসলামিক টেলিভিশনসহ ভিন্ন মতের গণমাধ্যমকে বন্ধ করে রাখা হয়েছে। শওকত মাহমুদের মতো সাংবাদিক নেতাকে বিনা অপরাধে বন্দী করে রাখা হয়েছে।’
রিজভী দাবি করেন, মাহমুদুর রহমান সব মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও সরকার তাঁকে আটকে রেখেছে। বিনা অপরাধে তাঁকে তিন বছর বন্দী করে রেখেছে। উচ্চ আদালত থেকে তাঁর সবগুলো মামলার জামিন হয়েছে। সর্বশেষ মামলার জামিননামা গত ৪ ফেব্রুয়ারি কারাগারে পৌঁছেছে। কিন্তু মুক্তি দেওয়া হচ্ছে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, নগর সম্পাদক এম আবদুল্লাহ, বিএনপির নেতা আবদুস সালাম আজাদ, নাজিম উদ্দিন আলম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।