নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপের আয়োজনকে অপ্রয়োজনীয় ও অর্থহীন বলেছে বাম গণতান্ত্রিক জোট। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলে তারা। রাজধানীর পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জোটের সমন্বয়ক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, এই উদ্যোগ নিতান্তই প্রচারসর্বস্ব। কারণ, সাংবিধানিকভাবে নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে রাষ্ট্রপতির কার্যকর সিদ্ধান্ত নেওয়ার কোনো অবকাশ নেই। ব্যক্তিগতভাবে তাঁর যে বিবেচনাবোধই থাকুক না কেন, সরকারের প্রধান নির্বাহী অর্থাৎ প্রধানমন্ত্রীর মতামত ও ইচ্ছার বাইরে সাংবিধানিকভাবে তাঁর সিদ্ধান্ত নেওয়ার কোনো অবকাশ নেই।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্যে বলা হয়, সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের সদস্যদের নিয়োগ দিলেও রাষ্ট্রপতি তা করেন প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে। ২০১২ ও ২০১৭ সালে রাষ্ট্রপতির সংলাপ ও সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছিল, তা নজিরবিহীন দায়িত্বহীনতা ও কলঙ্কের স্বাক্ষর রেখেছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার ও সরকারি দলের হয়ে কাজ করতে গিয়ে বর্তমান নির্বাচন কমিশন দেশ থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের অবশিষ্ট ন্যূনতম ব্যবস্থা তুলে দিয়েছে। ভোটের মধ্য দিয়ে ভোটারদের পছন্দের দল ও প্রার্থীকে নির্বাচিত করার অধিকার তারা হরণ করেছে। একদিকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব ও মর্যাদা ভূলুণ্ঠিত করেছে, অন্যদিকে সরকারি দল আওয়ামী লীগের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে শাস্তিযোগ্য ধারাবাহিক অপরাধ সংগঠিত করে আসছে। কমিশন সমগ্র নির্বাচনকে চরম হাস্যকর, প্রতারণাপূর্ণ, নিষ্ফলা আর প্রহসনে পর্যবসিত করেছে।
সাইফুল হক বলেন, বাংলাদেশে এখন দলীয় সরকারের অধীনে সামান্যতম গ্রহণযোগ্য নির্বাচনের কোনো অবকাশ নেই। সরকারি নীলনকশার বাইরে কিছুই করার সুযোগ নেই। এ কারণে বাম জোট সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে।
জোটের সমন্বয়ক বলেন, রাষ্ট্রপতিকে শেষ পর্যন্ত সরকারের পছন্দসই ব্যক্তিদের নিয়েই নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দিতে হবে। এ পরিস্থিতি দেশে নির্বাচন ও শাসনতান্ত্রিক গভীর সংকট কেবল আরও ঘনীভূত করবে এবং দেশকে আরও বিপদের দিকে ঠেলে দেবে।
ঐকমত্যের ভিত্তিতে আইন প্রণয়নের সাংবিধানিক নির্দেশনা অনুযায়ী নতুন নির্বাচন কমিশন গঠনে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। পাশাপাশি নির্বাচনের আগে সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠনের জরুরি প্রশ্নেও সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতায় আসার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা আবদুস সাত্তার, বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নেতা মানস নন্দী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভুঁইয়া, সমাজতান্ত্রিক আন্দোলনের আবদুল আলী ও ওয়ার্কার্স পার্টির (মার্ক্সবাদী) বিধান দাস প্রমুখ।