রাষ্ট্রপতির সংলাপে গেলেও নাম দেবে না কল্যাণ পার্টি
রাষ্ট্রপতির আমন্ত্রণে সংলাপে অংশ নিলেও নতুন নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান কমিটির কাছে কোনো নাম প্রস্তাব করবে না বাংলাদেশ কল্যাণ পার্টি। আজ বৃহস্পতিবার দুপুরে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আগামীকাল শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে অনুসন্ধান কমিটির কাছে নাম প্রস্তাব করতে বলা হয়েছে। এর জন্য গণবিজ্ঞপ্তির পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে কমিটির পক্ষ থেকে চিঠিও দেওয়া হয়েছে।
বাংলাদেশ কল্যাণ পার্টি বিএনপি নেতৃত্বাধীন ২০–দলীয় জোটের অন্যতম শরিক। এ জোটের কোনো দল রাষ্ট্রপতির সংলাপে অংশগ্রহণ না করলেও কল্যাণ পার্টি অংশ নিয়েছিল।
গত সোমবার কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রথম আলোকে বলেছিলেন, তাঁর দল অনুসন্ধান কমিটির কাছে সাতটি নাম প্রস্তাব করবে। এখন নাম না দেওয়ার সিদ্ধান্তের কারণ কী, জানতে চাইলে তিনি বলেন, দল ও জোটের বৃহত্তর স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংলাপে অংশ নেওয়া এবং কমিটিতে নাম না দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে দল ও জোটের স্বার্থের সংমিশ্রন রয়েছে।
তবে ২০–দলীয় জোটের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, অনুসন্ধান কমিটির কাছে কল্যাণ পার্টির নাম না দেওয়ার সিদ্ধান্তের পেছনে বিএনপির ভূমিকা আছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জোটের তিন শরিক দল জাতীয় পার্টি (কাজী জাফর), ইসলামী ঐক্যজোট (আবদুর রকিব) ও কল্যাণ পার্টির সঙ্গে বিএনপির বৈঠক হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ২০ দলের সমন্বয়ক নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
জানা গেছে, ওই বৈঠকের পরই কল্যাণ পার্টি অনুসন্ধান কমিটিতে নাম না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। সংসদে সম্প্রতি পাস হওয়া ইসি গঠন আইন অনুযায়ী, কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব করতে হবে অনুসন্ধান কমিটিকে। নাম প্রস্তাব করার সেই সময়সীমা শেষ হবে আজ বিকেল পাঁচটায়।