রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির সংলাপ ইতিবাচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক বলেছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির সংলাপকে তিনি ইতিবাচক মনে করেন। রাষ্ট্রপতির বক্তব্যও আশাব্যঞ্জক। আর প্রধানমন্ত্রী আগেই বলেছেন, রাষ্ট্রপতি যে ব্যবস্থা নেবেন, তা আওয়ামী লীগ মেনে নেবে।

গতকাল রোববার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে শফিক আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, ‘মনে রাখতে হবে, ৪৫ বছর হলো দেশ স্বাধীন হয়েছে। আমরা কিন্তু সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করতে পারিনি। এটা বৃহৎ দল হিসেবে বিএনপি ও আওয়ামী লীগের দায়িত্ব। রাষ্ট্রপতির উদ্দেশ্য ভালো।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এ সংলাপের সফলতা নিয়ে তাঁর সংশয় রয়েছে। আর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। বিএনপির সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের প্রেক্ষাপটে এই বক্তব্য কীভাবে দেখছেন—সঞ্চালক হাসান আহমেদ চৌধুরীর এ প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, ‘অতিকথন দরকার নাই বলে মনে করি। রাজনীতিতে অনেক কথা হয়। যেখানে প্রধানমন্ত্রী বলেছেন রাষ্ট্রপতির নির্দেশ তাঁরা মেনে নেবেন। তবে আমি আশাবাদী।’