রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির সংলাপ ইতিবাচক: শফিক আহমেদ সিদ্দিক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক বলেছেন, রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির সংলাপকে তিনি ইতিবাচক মনে করেন। রাষ্ট্রপতির বক্তব্যও আশাব্যঞ্জক। আর প্রধানমন্ত্রী আগেই বলেছেন, রাষ্ট্রপতি যে ব্যবস্থা নেবেন সেটা আওয়ামী লীগ মেনে নেবে।
রোববার রাতে বাংলাভিশনে সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ড. শফিক আহমেদ সিদ্দিক এসব কথা বলেন। তিনি বলেন, ‘মনে রাখতে হবে ৪৫ বছর হলো দেশ স্বাধীন হয়েছে। আমরা কিন্তু সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করতে পারিনি। এটা বৃহৎ দল হিসেবে বিএনপি-আওয়ামী লীগের দায়িত্ব।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, এ সংলাপের সফলতা নিয়ে সংশয় রয়েছে তাঁর। স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন ২০১৯ সালের নির্বাচন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। বিএনপির সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের প্রেক্ষাপটে এসব বক্তব্য কীভাবে দেখছেন-সঞ্চালক হাসান আহমেদ চৌধুরীর এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অতিকথন দরকার নাই বলে মনে করি। রাজনীতিতে অনেক কথা হয়। যেখানে প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্রপতির নির্দেশ তাঁরা মেনে নেবেন। তবে আমি আশাবাদী।’
২০১৯ সালে প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন হবে-এ মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যের মধ্য দিয়ে বিএনপিকে কোণঠাসা করে ফেলা বা একটা প্রক্রিয়া যখন এগিয়ে যাচ্ছে সেই মুহূর্তে এ বক্তব্যকে কীভাবে দেখছেন-সঞ্চালকের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি পুরো বক্তব্য শুনিনি। এর ভিত্তিতে মন্তব্য করা ঠিক হবে না। আমি আবারও বলছি বিএনপি-আওয়ামী লীগ দুটি বৃহৎ রাজনৈতিক দল। মানুষ চায় নির্বাচনে ভোট দিতে। আর সে জন্য দুই দলেরই দায়িত্ব রয়েছে। জনগণ চায় সুষ্ঠু নির্বাচন।’
সরকারের যদি সহযোগিতা সে ক্ষেত্রে না থাকে যেটি প্রধান বিচারপতি বলেছেন, রাষ্ট্রপতি শুধুমাত্র প্রধান বিচারপতি ও প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়া বাকি কিছু করতে পারেন না। সে ক্ষেত্রে সরকারের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বিষয়টিকে কীভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর বক্তব্যে ফিরে যেতে চাই। তিনি কিন্তু ইতিবাচক। তিনি বলেছেন, রাষ্ট্রপতির সিদ্ধান্ত তিনি মেনে নেবেন।’
আপনি যেহেতু বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে সম্পৃক্ত। রাজনীতিতে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা বা অন্য কারও অন্তর্ভুক্তিকে আপনি কীভাবে দেখছেন—জানতেই চাইলে শফিক আহমেদ বলেন, জয় রাজনীতিতে আসলে ভালো করবেন বলে তিনি মনে করেন। জয় ডিজিটাল যুগের ছেলে। প্রধানমন্ত্রীর পরামর্শক হিসেবে কাজ করছেন। তবে জয় রাজনীতিতে আসবেন কিনা—সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। বিশেষ করে সরকার চালানোর বিষয়ে জয় খারাপ করবেন না বলে তিনি মনে করেন।
শফিক আহমেদ বলেন, ‘আমি মনে করি আওয়ামী লীগ-বিএনপি অ্যানালগ যুগে পড়ে রয়েছে। দুই দলই সভানেত্রীদের হাতে সব ক্ষমতা দিয়ে দিয়েছে। এটাতো আধুনিক যুগের ছেলেমেয়েরা গ্রহণ করবে না। আমি শিক্ষক হিসেবে দেখছি, আজকালকার ছেলেমেয়েরা ভালো বোঝে। আর জয় ও হাসিনা আপার মধ্যে জেনারেশন গ্যাপ রয়েছে। হাসিনা আপার সঙ্গে যারা রাজনীতি করছেন, আমার মনে হয় না জয়ের সঙ্গে তাঁরা থাকতে পারবেন। বঙ্গবন্ধুর সঙ্গে যারা রাজনীতি করেছেন, তাদের নিয়ে হাসিনা আপা রাজনীতিতে প্রথম দিকে কিছু সমস্যার মুখোমুখি হয়েছেন। হাসিনা আপা যেমন চাচাদের ছেড়ে নিজের লোক বেছে নিয়েছেন। জয়ের সময় দেখবেন, এখনকার রাজনীতিবিদদের ছেড়ে নতুন চিন্তাভাবনার লোক নিয়ে দল করতে হবে। আমার মনে হয়, এখানে শেখ রেহানা ব্যালেন্স ইফেক্টর হিসেবে কাজ করতে পারেন।’
তিনি আরও বলেন, ‘সবচেয়ে ভালো হবে জয় যদি সরকারে থাকে এবং শেখ রেহানা যদি দলে থাকে। রেহানা বঙ্গবন্ধুর কন্যা হিসেবে রাজনীতি মোটামুটি ভালো বোঝে, পার্টি পলিটিকস ভালো বোঝে। সে নন-পলিটিক্যাল লোক হলেও রাজনীতি ভালো বোঝে। তবে রাজনীতিতে আসতে চায় না। তবে সময় হলে সে রাজনীতিতে আসতে বাধ্য হবে। যেমন হাসিনা আপার প্রথম দিকে রাজনীতিতে অত আগ্রহ ছিল না। তবে প্রয়োজনের খাতিরে হাসিনা আপা ভালো চালাচ্ছেন তো।’