রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতার প্রয়োগ চায় আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন বিজয় দিবসের পরই নির্বাচন কমিশন পুনর্গঠনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিএনপি কয়েক দিন ধরেই এই সুযোগ চেয়ে আসছিল। অন্যদিকে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি সব দলকে আলোচনার জন্য ডাকবেন—এটা অনুমেয় ছিল।

আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে, নির্বাচন কমিশন পুনর্গঠনে ‘সংবিধান মেনে’ রাষ্ট্রপতি যা করবেন, তা-ই মেনে নেবে তারা। ডাকা হলে দলের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের অনুরোধ জানাবে। কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন যে প্রক্রিয়া মেনে গঠন করা হয়েছিল, এবারও সেই প্রক্রিয়াই অবলম্বন করা হবে। সে ক্ষেত্রে রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলকে ডাকবেন—এটাই চেয়েছিল আওয়ামী লীগ। বিএনপি চিঠি দিয়েছে তাদের প্রস্তাব নিয়ে আলোচনার জন্য। কিন্তু রাষ্ট্রপতি আগেরবারের প্রক্রিয়া মেনে সব দলকেই ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, বিএনপিকে এককভাবে ডেকে শুধু তাদের প্রস্তাব নিয়ে আলোচনার বাড়তি সুযোগ দেওয়ার পক্ষে নয় আওয়ামী লীগ। সব দলকে ডাকার লক্ষ্যেই রাষ্ট্রপতি সময় নিচ্ছিলেন।

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আলোচনার জন্য সময় চেয়ে গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে আবেদন করেছে বিএনপি। সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন কমিশন পুনর্গঠনে যে প্রস্তাব দিয়েছিলেন, এর একটি কপিও দেওয়া হয়। রাষ্ট্রপতির দপ্তর থেকে বিএনপির প্রতিনিধিদের জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে ডেকে রাষ্ট্রপতি আলোচনা করবেন। আসন্ন ১৬ ডিসেম্বর বিজয় দিবসের পরই আলোচনা শুরু হতে পারে। এর আগে গত ২৩ নভেম্বর আলোচনার জন্য সময় চেয়ে রাষ্ট্রপতির কাছে অনুরূপ আবেদন পাঠিয়েছিল বিএনপি। কিন্তু সাড়া মেলেনি।

বিএনপির আবেদন নিয়ে দলটির প্রতিনিধিরা বঙ্গভবনে যাওয়ার আগেই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন। ১১ ডিসেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, দেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল আছে ৪০টি। জামায়াতে ইসলামীর ঘোষণাপত্র ও গঠনতন্ত্র বাংলাদেশের সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ না হওয়ায় নির্বাচন কমিশন দলটির নিবন্ধন দেয়নি।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারি মাসে শেষ হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা ২০১৯ সালে। এর আগে ২০১২ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর সার্চ কমিটির মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশন গঠন করেছিলেন।

আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কেন্দ্রীয় নেতা বলেন, কাজী রকিবউদ্দীন আহমদের কমিশন নিয়ে সমালোচনা হলেও আওয়ামী লীগের জন্য এই কমিশন সম্ভাব্য সবকিছুই করেছে। ভবিষ্যতেও নিশ্চয় দলীয় স্বার্থ বিবেচনা করা হবে। তবে একেবারে অগ্রহণযোগ্য ব্যক্তিরা কমিশনে আসুক—এটাও আওয়ামী লীগের চাওয়া নয়। মোটামুটি গ্রহণযোগ্য ব্যক্তিদেরই কমিশনের সদস্য করা হবে। আসলে জাতীয় নির্বাচন কেমন হবে, তা শুধু কমিশনের ওপর নির্ভর করে না। এর সঙ্গে রাষ্ট্রকাঠামোর অনেক কিছুই সংশ্লিষ্ট।

সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা: বার্তা সংস্থা বাসস রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনের বরাত দিয়ে জানায়, সংবিধানের ১১৮ ধারা মোতাবেক রাষ্ট্রপতি নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে নিবন্ধন করা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন। আগামী ১৬ ডিসেম্বরের পর এ আলোচনা শুরু হতে পারে।