রাষ্ট্রের বিরুদ্ধে সরকার গোপনে অনেক কিছু করছে : খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘সরকার নিজেই রাষ্ট্রদ্রোহী। আর অন্যের নামে রাষ্ট্রদ্রোহের বিচার দিয়ে বেড়ায়। অথচ সরকার নিজেই পুরো রাষ্ট্রের বিরুদ্ধে গোপনে অনেক কিছু করছে, যেটা জনগণ জানে না।’

আজ বৃহস্পতিবার রাজধানীর লেডিস ক্লাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আয়োজিত ইফতারে খালেদা জিয়া এসব কথা বলেন।

জঙ্গিবিরোধী চলমান সাঁড়াশি অভিযানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির চেয়ারপারসন। তিনি বলেন, সন্ত্রাসী ধরার জন্য নয়, বরং সন্ত্রাসীদের পার করে দিয়ে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের জন্য সরকার এ অভিযান চালাচ্ছে। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতা এবং বিএনপিকে ভালোবাসে—এ রকম সাধারণ মানুষকে জেলে ঢোকানোই সরকারে লক্ষ্য। এখন পর্যন্ত ২ হাজার ৭ শতাধিক বিএনপির নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

খালেদা জিয়া অভিযোগ করেন, সরকার পুরো দেশকে কারাগারে পরিণত করেছে। প্রিজন ভ্যানের সামনে স্বজনদের আহাজারি দেখলেই সেটি বোঝা যায়।

খালেদা জিয়া অভিযোগ করে বলেন, ‘ছাত্রলীগের লোকজন অবাধে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়, তাদের সরকার ধরে না। কয়েক দিন আগে ছাত্রলীগের একজন সদস্য অস্ত্র নিয়ে ধরা পড়েছে এবং তাকে জেলখানায় দেওয়া হয়েছে। তারপর তাকে বেইল (জামিন) দিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের লোকজন অস্ত্র নিয়ে ধরা পড়লেও কয়েক দিন পরে তাদের ছেড়ে দেওয়া হয়। আর বিএনপির লোকজন কোনো অপরাধ না করলেও তাদের ধরে নিয়ে যাওয়া হয় এবং দিনের পর দিন কারাগারে রাখা হয়।’

সব রাজনৈতিক দলের নেতাদের যার যার প্ল্যাটফর্ম থেকে সোচ্চার হওয়া এবং সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘কে কী পদ পাব তা বড় কথা নয়, আমাদের কাছে বড় কথা হলো গণতন্ত্র ফিরিয়ে আনা।’

এলডিপির সভাপতি অলি আহমদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি সফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মো. ইব্রাহীম, জামায়াতের কেন্দ্রীয় নেতা আবদুল হালিমসহ বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।