রাষ্ট্রের সর্বোচ্চ জায়গার ইঙ্গিতে হত্যা: ফখরুল
গুপ্তহত্যা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাখ্যান করে বিএনপি পাল্টা অভিযোগ করেছে, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গার ইঙ্গিতেই এসব হত্যাকাণ্ড ঘটছে।
গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন। গত বুধবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে বলেন, দুটি দল গুপ্তহত্যায় নেমেছে। তাঁর কাছে এ বিষয়ে তথ্য আছে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘অধিকাংশ হত্যাকাণ্ড প্রকােশ্য ঘটেছে। এসব ঘটনার কোনো হদিস বের করতে না পেরে চরম ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছেন। এই সমস্ত নিখুঁত হত্যাকাণ্ড সংঘটিত হওয়া এবং এর সংঘটনকারীদের লাপাত্তা হয়ে যাওয়ার ঘটনা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা, অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতাশালীদের ইঙ্গিত না থাকলে এটি কোনোভাবেই সম্ভব হতে পারে না।’
ফখরুল দাবি করেন, সংবাদ সম্মেলনে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য উসকানিমূলক, অনভিপ্রেত, মিথ্যা ও বানোয়াট। তাঁর এই বক্তব্যে রাষ্ট্র ও সমাজে বিভেদ-বিভাজনের পরিসর আরও বিস্তৃত হবে, জঙ্গিবাদ উৎসাহিত হয়ে আরও বেশি সংগঠিত ও তৎপর হবে। প্রধানমন্ত্রীর এই বক্তব্য জঙ্গিবাদকে রেহাই দেওয়ারই শামিল।
বিএনপির মহাসচিব অভিযোগ করেন, যখন সমগ্র পৃথিবী বাংলাদেশের গুপ্তহত্যা, সহিংসতা, জঙ্গিবাদের উত্থান নিয়ে কথা বলছে, সোচ্চার হচ্ছে, দেশের মানুষ যখন সোচ্চার হচ্ছে, তখন প্রধানমন্ত্রী জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি অন্যদিকে সরিয়ে বিভ্রান্ত করার জন্য বিএনপির ওপরই দোষ চাপাচ্ছেন।