রাস্তা দখল করে দলীয় কার্যালয়
গোড়ানে রাস্তা দখল করে তৈরি হচ্ছে ক্ষমতাসীন দলের একটি সহযোগী সংগঠনের কার্যালয়। এলাকাবাসী বলছেন, সপ্তাহখানেক ধরে নির্মাণকাজ চলছে। কিন্তু ওয়ার্ড কাউন্সিলর বলছেন, এ বিষয়ে কিছুই জানেন না তিনি।
পূর্ব গোড়ানের তিতাস রোডে ‘বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ’-এর ব্যানার টাঙিয়ে সড়ক দখল করে এই কার্যালয় নির্মাণ হচ্ছে। গতকাল শুক্রবার গিয়ে দেখা যায়, পূর্ব গোড়ান শাহি মসজিদের মোড়ের আগে রাস্তার ওপর একটি ভবনঘেঁষে বাঁশ-কাঠ দিয়ে কাঠামো তৈরি হয়েছে। ফুটখানেক উঁচু ইটের দেয়াল দিয়ে জায়গাটুকু রাস্তা থেকে আলাদা করে ফেলা হয়েছে। কার্যালয় ভবনের মেঝে নির্মাণের কাজ চলছে।
পাশের এক দোকানের কর্মচারী মো. মাসুম বলেন, ছয় থেকে সাত দিন আগে এখানে নির্মাণকাজ শুরু হয়েছে। তিনি বলেন, ‘এইটা তো রাস্তা। রাস্তার ওপরেই ক্লাবঘর বানাইতাছে।’
নির্মিতব্য কার্যালয়ের পাশে ট্রাকচালক সমিতির এক সদস্যের সঙ্গে কথা হয়। রাস্তার ওপর কার্যালয় নির্মাণ সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের বসার জায়গা নাই। ক্লাবঘর হইলে সবাই বসতে পারি। আর কোথাও জায়গা নাই, তাই এইহানেই বানাইতেছি।’ এ ব্যাপারে সংগঠনের সভাপতি বা সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কাউকে পাওয়া যায়নি।
পূর্ব গোড়ান এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের অধীন। জানতে চাইলে ওয়ার্ড কমিশনার মোহাম্মদ আনিছুর রহমান বলেন, রাস্তা দখল করে দলীয় কার্যালয় নির্মাণের বিষয়ে তিনি কিছু জানেন না। সরকারদলীয় এই জনপ্রতিনিধি দাবি করেন, ব্যস্ততায় সংগঠনের সঙ্গে তাঁর যোগাযোগ কমে গেছে। আনিছুর বলেন, ‘আমি রাস্তার ওপর হকারই বসতে দেই না। অফিসঘর তো অবশ্যই করতে দেওয়া হবে না। আমি ব্যাপারটা দেখতেছি।’