
যশোর শহরের ব্যস্ততম নেতাজি সুভাষ চন্দ্র বোস (গাড়িখানা) সড়ক বন্ধ করে ক্ষমতাসীন দলের দুই পক্ষ একই সময়ে পাল্টাপাল্টি সমাবেশ করেছে। সড়কের ওপরে মঞ্চ তৈরি করে গতকাল রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ সমাবেশ করা হয়।
ঈদের আগ মুহূর্তে শহরের মূল সড়ক বন্ধ করে সমাবেশ করায় গোটা শহরের অন্তত ১০টি সড়কে তীব্র যানজট ও জনজটের সৃষ্টি হয়। এতে ব্যবসায়ী ও শহরবাসীকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে।
যশোর জেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। এক ভাগের নেতৃত্বে যশোর-৩ (সদর) আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ এবং অপর ভাগের নেতৃত্বে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার (সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান)।
শোক দিবস উপলক্ষে শাহীন চাকলাদারের অনুসারীরা শহরের চিত্রা মোড়ে ও কাজী নাবিল আহমেদের অনুসারীরা চৌরাস্তা মোড়ে সমাবেশ করেন। দুই জায়গার অনুষ্ঠানে এই দুই নেতা মধ্যমণির বক্তব্য দেন।
শহরের বাসিন্দারা জানান, সমাবেশের জন্য গত শনিবার রাত থেকে রাস্তার ওপরে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়। তখন থেকেই সড়ক সংকীর্ণ হয়ে যায়। যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। গতকাল দুপুর থেকে সমাবেশে লোকসমাগম ঘটতে থাকে। এ সময় সড়কটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিকল্প সড়ক ঘুরে মানুষকে গন্তব্যে যাতায়াত করতে হয়েছে। এতে শহরের সব সড়কে তীব্র যানজট ও জনজট লেগে যায়। ১০ মিনিটের পথ যেতে পথচারীদের অন্তত এক ঘণ্টা করে সময় লেগেছে। ব্যবসায়ীদেরও ঈদের কেনাবেচায় সমস্যা হয়েছে।
মানুষের ভোগান্তির ব্যাপারে জানতে চাইলে কাজী নাবিল আহমেদের অনুসারী হিসেবে পরিচিত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জহিরুল ইসলাম বলেন, ‘রাস্তার ওপরে সমাবেশ করার জন্য ঈদের সময় মানুষের একটু ভোগান্তি হয়েছে—এটা সত্য। কিন্তু শোক দিবসের অনুষ্ঠান। তাই একটু কষ্ট হলেও রাস্তার ওপরে করেছি। তবে আমাদের পূর্বনির্ধারিত স্থান ছিল চিত্রা মোড়ে। শাহীন চাকলাদারের লোকজন ওই জায়গাটি দখল করায় চৌরাস্তা মোড়ে অনুষ্ঠান করতে হয়েছে।’
শাহীন চাকলাদারের অনুসারী হিসেবে পরিচিত সদ্য বিলুপ্ত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘এটা যশোরের ট্র্যাডিশন (ঐতিহ্য)। রাজনৈতিক দলগুলো সভা-সমাবেশ রাস্তার ওপরেই তো করে। তা ছাড়া বিকল্প রাস্তা তো রয়েছেই।’
যশোর জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের চিত্রা মোড়ে সমাবেশ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন শাহীন চাকলাদার। সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল। আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খয়রাত হোসেন, যুগ্ম সম্পাদক আলী রায়হান, সদ্য বিলুপ্ত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
এ সমাবেশস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে চৌরাস্তা মোড়ে সদর উপজেলা ও শহর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আলাদা সমাবেশ হয়। এতে প্রধান বক্তার বক্তব্য দেন কাজী নাবিল আহমেদ। সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম। এ ছাড়া বক্তৃতা করেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মীর জহিরুল ইসলাম প্রমুখ।