রাস্তা সংস্কার করল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক সংস্কারের কাজ করছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: প্রথম আলো
সড়ক সংস্কারের কাজ করছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: প্রথম আলো

দিনাজপুরের নবাবগঞ্জ শহরের মহিলা কলেজের মোড়ে মূল সড়কে খানাখন্দ ও কাদাপানির কারণে প্রায় এক মাস চরম ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। বিষয়টি বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও সেটি সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে আজ বুধবার উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রমে ওই সড়কে কাদাপানি কমাতে বালু ও খোয়া দিয়ে খানাখন্দ ভরাটে কাজ করেন।

নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ প্রথম আলোকে বলেন, নবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মহিলা কলেজ মোড়। দীর্ঘদিন থেকে সেখানে সড়কের ওপরে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ কারণে একদিকে পথচারী ও যানবাহন চলাচল যেমন ব্যাহত হতো, তেমনি শহরের বাসিন্দা ও ব্যবসায়ীদের চরম ভোগান্তি পোহাতে হতো। বিষয়টি এলজিইডি এবং সড়ক ও জনপথকে (সওজ) বারবার জানানো হলেও কেউ কোনো ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরাই সেটি সংস্কার করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, ছাত্রলীগ ভবিষ্যতে তাদের এ ধরনের চিন্তাধারা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদী।