রাস্তা সংস্কার করলেন যুবলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর পৌরসভার সীমানার ভেতরে সখীপুর-বাটাজোর সড়কের জেলখানা মোড় থেকে এসডিএস মোড় পর্যন্ত এলজিইডির চলাচলে অযোগ্য ২০০ মিটার রাস্তা নিজের টাকায় সংস্কার করেছেন সখীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার।
গত তিন দিনে পাঁচ-ছয়জন শ্রমিক দিয়ে কয়েক ট্রাক বালু ও খোয়া এনে ওই সড়কের তিনটি বড় গর্তসহ ছোট ছোট গর্ত খোয়া ও বালু দিয়ে ভরাট করে যান চলাচলের উপযোগী করেছেন তিনি।
স্থানীয় ব্যক্তিরা বলেন, এক বছর ধরে ওই সড়কে বড় বড় গর্ত থাকায় ও বৃষ্টির পানিতে ওই গর্ত ভরে যাওয়ায় প্রতিনিয়ত যান চলাচলে খুবই দুর্ভোগে পড়তেন পৌর এলাকার বাসিন্দা ও চলাচলকারীরা। খোয়া ও বালু দিয়ে ওই গর্তগুলো ভরে দেওয়ায় লোকজনের যাতায়াতে সুবিধা হয়েছে।
সংস্কার করা রাস্তায় জাহাঙ্গীর তালুকদার নিজ ছবিসংবলিত ‘নিজ অর্থায়নে পৌরসভার সড়ক উন্নয়নে কাজ চলছে’ ব্যানার লিখে টাঙিয়ে রেখেছেন।
জাহাঙ্গীর তালুকদার গত বছরের ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে পাননি। রাস্তা সংস্কার করা প্রসঙ্গে তিনি বলেন, ‘এক বছর ধরে ওই রাস্তা দিয়ে পৌরবাসী যাতায়াতে কষ্ট পাচ্ছেন। কেউ যখন এগিয়ে এল না তখন ভাবলাম আমি নিজেই কাজে নেমে যাই।’
স্থানীয় ব্যক্তিরা বলেন, ভবিষ্যতে আবারও নির্বাচনের প্রার্থী হওয়ার ইচ্ছে আছে তাঁর। এ জন্য এলাকায় নিজ খরচে কিছু উন্নয়ন কর্মকাণ্ড করছেন জাহাঙ্গীর।
সখীপুর পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র আবু হানিফ আজাদ পৌর এলাকার ওই সড়কের বেহাল অবস্থার কথা স্বীকার করে বলেন, ‘কেউ নিজের টাকায় কাজ করলে সেটা ভালো। সড়কটি পৌরসভার প্রাণকেন্দ্রে হলেও তা এলজিইডির আওতায়। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও পৌরসভার টাকায় ওই সড়ক মেরামত করা যায়নি।’
জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ কুদ্দুস প্রথম আলোকে বলেন, ‘কেউ নিজের টাকায় রাস্তা সংস্কার করলে এতে আমরা সাধুবাদই জানাব। ওই সড়কের কয়েকটি গর্ত ভরাট করার জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কয়েক দিন পরেই কাজ শুরু হবে।’
এর আগের বছর বর্ষা মৌসুমে সখীপুর পৌরসভার মুখতার ফোয়ারা থেকে সখীপুর মহিলা কলেজ সড়কের উত্তরা মোড় পর্যন্ত সড়ক ও জনপথের (সওজ) ৫০০ মিটার, মুখতার ফোয়ারা থেকে উপজেলা সড়কের জেলখানা মোড় পর্যন্ত এলজিইডির ৫০০ মিটার এবং সখীপুর-ঢাকা সড়কের প্রশিকা কার্যালয় পর্যন্ত সওজের এক কিলোমিটার সড়কের সংস্কার করেছিলেন জাহাঙ্গীর তালুকদার।