ঈদে ঘরমুখী যাত্রীদের দুর্ভোগের জন্য সেতু, নৌপরিবহন ও রেলমন্ত্রীকে দায়ী করে তাঁদের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান (দুদু) বলেছেন, ‘মিথ্যা, বানোয়াট কথাবার্তা বলে আপনারা মানুষকে রাস্তায় নামিয়ে তাদের কষ্টের কারণ হয়ে গেছেন।’
গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় শামসুজ্জামান এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নবম কারামুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ ইয়ুথ ফোরাম এর আয়োজন করে।
সড়ক পরিবহন মন্ত্রীর উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব প্রতিদিন এক একটা করে কথা বলেন, রাস্তাঘাট সব ফাঁকা, কোনো কষ্ট হবে না। আমি কাদের সাহেবকে বলছি, সড়ক দুর্ঘটনায় যাঁরা নিহত হয়েছেন, সব দায় আপনার। রাস্তাঘাট সম্বন্ধে আপনি জাতিকে মিথ্যা কথা বলেছেন, বিভ্রান্ত করেছেন। রাস্তার কোনো খাদ আপনি ঠিক করেননি।’ তিনি বলেন, ‘নৌমন্ত্রী খালি জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে গালি দিতে পারেন। লঞ্চঘাট ঠিক করার মতো যোগ্যতা তাঁর নেই। প্রতিদিন পত্রিকায় রেলের যেসব ছবি ছাপা হয়, টেলিভিশনে যে ছবি আপনারা দেখেন, কী মর্মান্তিকভাবে যাত্রীরা ট্রেনে উঠছেন।’
জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের সমালোচনা করে শামসুজ্জামান বলেন, ‘জিয়াউর রহমানকে, শেখ মুজিবকে ছোট করলে বাংলাদেশ ছোট হয়ে যায়। শহীদ জিয়ার পদক বাতিল করে সরকার বাংলাদেশকে বিশ্বের কাছে ছোট করেছে।’
ইয়ুথ ফোরামের উপদেষ্টা খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (জাফর) সভাপতিমণ্ডলীর সদস্য আহসান হাবিব, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, মেজর (অব.) মিজানুর রহমান, ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।