ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোনো কারণ ছাড়াই বিএনপি জানুয়ারি মাসের ৫, ৬ ও ৭—তিন দিন হরতালের ডাক দিয়েছে। তারা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাইছে। তাই জনগণকে সজাগ থাকতে হবে। রাস্তায় অবস্থান নিয়ে তাদের এ ধ্বংসের রাজনীতি বন্ধ করতে হবে।
আখাউড়ার রানীখাঁর উচ্চবিদ্যালয় মাঠে নয়টি গ্রামে নতুন বিদ্যুৎ-সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক গত শুক্রবার সন্ধ্যায় এসব কথা বলেন। এ সময় উপজেলার ওই নয় গ্রামের ৫৬৩টি বিদ্যুতের নতুন আবাসিক সংযোগ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম এমদাদুল বারী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজীল খলিফা, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রমুখ।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আওয়ামী লীগ যখনই উন্নয়নের কথা বলে, দেশ সামনের দিকে এগিয়ে নেয়, বিএনপির নেত্রী তখন ধ্বংসের কথা বলেন। এমন কী দেশটাতে হয়েছে ৫, ৬ ও ৭—এই তিন দিন হরতাল দিতে হবে? কোনো কারণ আছে? কোনো কারণ নাই। একটা কারণ হতে পারে ওনার (খালেদা জিয়া) কাছে এখন কিছু লোকজন যান বলে তিনি ঠিকমতো ঘুমাতে পারেন না। হরতাল দিতেছে ঠিকমতো ঘুমানোর জন্য। কারণ উনি তো রাস্তায় নামেন না। উনি লাঠি মারেনও না, লাঠির বাড়ি খানও না।’
আনিসুল হক আওয়ামী লীগের বর্তমান সরকারকে জনগণের সরকার বলে উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশকে সোনার বাংলা করার স্বপ্ন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের। তাঁকে সেই কাজ করতে দেননি ঘাতকেরা। এখন তাঁরই কন্যা শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। যতক্ষণ এ দেশের মানুষ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, ততক্ষণ পর্যন্ত এই সরকার বাংলাদেশের সরকার থাকবে ইনশা আল্লাহ।’