রাস্তায় দুর্ভোগের জন্য সড়কমন্ত্রী দায়ী: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগের জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দায়ী করেছে বিএনপি। দলটি মনে করে, এ জন্য মন্ত্রীর পদত্যাগ করা উচিত।

গতকাল শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের এই বক্তব্য তুলে ধরেন।

রুহুল কবির রিজভী বলেন, ঈদের প্রাক্কালে ঘরমুখী মানুষ যে চরম দুর্ভোগে পড়েছেন, তা বর্ণনাতীত। সারা দেশে সড়ক-মহাসড়কে চরম অব্যবস্থাপনা। রাস্তাঘাটে বেপরোয়া চাঁদাবাজিতে নৈরাজ্য বীভৎস রূপ নিয়েছে। হাইওয়ে পুলিশ প্রশাসনের কোনো অস্তিত্ব আছে বলে মনে হয় না।

রিজভী বলেন, সড়কমন্ত্রী চরমভাবে ব্যর্থ হয়েছেন। তাঁরা নিজেদের ব্যর্থতা স্বীকার করবেন না। কারণ মন্ত্রিত্বের পদ এতই মোহনীয়, এতই লোভনীয় যে এটাকে যেনতেনভাবে আঁকড়ে থাকবেন। এ জন্য ডাহা-টাটকা যত মিথ্যা কথা বলা যায়, তাঁরা তা বলে যাবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার প্রমুখ।

এদিকে গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঈদে জনদুর্ভোগের জন্য সড়ক পরিবহনমন্ত্রীকে দায়ী করেন। তিনি বলেন, ‘নয়টি বছর গেল বাংলাদেশে লুটপাটের অভয়ারণ্য। মেগা বাজেট মানে মেগা লুটপাট। আপনারা দেখেন, ফ্লাইওভারের নামে ঢাকা শহরে কী চলছে। ঢাকা শহরে যতটি গর্ত আছে, আজিমপুরে ততটি কবর নেই।’

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১ নামের একটি সংগঠন।