রাস্তায় নামা ছাড়া বিকল্প নেই: খন্দকার মোশাররফ

মানুষের ভোটাধিকার নেই দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ভোটাধিকার রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামতে হবে। রাস্তায় নামা ছাড়া জনগণকে এ সরকারের হাত থেকে রক্ষার কোনো বিকল্প নেই।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় খন্দকার মোশাররফ এ মন্তব্য করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব উন নবী খান সোহেলের মুক্তির দাবিতে ঢাকা মহানগর বিএনপি ওই সভার আয়োজন করে।
খন্দকার মোশাররফ দাবি করেন, সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ জ্যেষ্ঠ নেতাদের সাজা দিয়ে তাঁদের নির্বাচনের বাইরে রেখে আরেকটি প্রহসনের নির্বাচন করার পরিকল্পনা করছে। এ জন্য মামলাগুলো দ্রুত শেষ করার চেষ্টা চলছে।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, এই সরকার স্বৈরাচারী। তারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেছে। সরকার সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিএনপির দায়িত্ব মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া।
খন্দকার মোশাররফ দাবি করেন, আওয়ামী লীগ এখন জনগণকে ভয় পায়। কারণ তাদের জনপ্রিয়তা এখন শূন্যের কোটায়।
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আগে জেলের তালা ভাঙার ক্ষমতা অর্জন করতে হবে। তিনি দাবি করেন, বিএনপি ভারত বা যুক্তরাষ্ট্র কারও দিকে তাকিয়ে নেই। বিএনপি ভারত বা যুক্তরাষ্ট্রের সমর্থন আশা করে না। বিএনপি শুধু জনগণের সমর্থন আশা করে।