রায় নিয়ে অরাজকতা সহ্য করা হবে না: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম । ফাইল ছবি
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম । ফাইল ছবি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের বিচার বিভাগ স্বাধীন। এখানে দুর্নীতির মামলায় কারও সাজা হলে তা নিয়ে বিবাদী বা ক্ষুব্ধ ব্যক্তিরা উচ্চ আদালতে যেতে পারেন। এখানে কারও কোনো হস্তক্ষেপ নেই। কিন্তু আদালতের রায় নিয়ে কোনো অরাজকতা সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

আজ রোববার সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভার শুরুতে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, নতুন বছরে দেশে একটি সুষ্ঠু নির্বাচন করা সরকারের বড় চ্যালেঞ্জ। সব গণতান্ত্রিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে বলে সরকার বিশ্বাস করে। সংসদীয় গণতন্ত্র চালু থাকা সব দেশে সংবিধান অনুযায়ী যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও তাই হবে। নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। কোনো সংশয়ও নেই।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সরকারের সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগসহ ১৪ দল চায়, দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। এ নির্বাচনে জনগণের রায় আওয়ামী লীগসহ ১৪ দল মেনে নেবে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় উপস্থিত সরকারি কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, দেশের বিচার বিভাগ স্বাধীন। দীর্ঘ ২০ বছর পর বঙ্গবন্ধু হত্যা মামলা, জাতীয় চার নেতা হত্যা মামলার বিচার গণতান্ত্রিক উপায়ে হয়েছে। অনেকের সাজা হয়েছে। অনেকে খালাস পেয়েছেন। এ নিয়ে আওয়ামী লীগ কোনো আন্দোলন তো নয়ই আন্দোলনের নামে রাস্তায় জ্বালাও-পোড়াও করে জনগণের জানমালের ক্ষতি করেনি।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্ব অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, নারী আসনের সাংসদ সেলিনা বেগম, পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ, কে এম হোসেন আলী হাসান, পৌর মেয়র সৈয়দ আবদুর রউফ প্রমুখ।