আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নিম্ন আদালতের রায় বহাল রাখার দাবিতে গাজীপুরের টঙ্গীতে গতকাল শনিবার মানববন্ধন, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে ছাত্রলীগ।
বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গী থানা ও টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন করা হয়। এ সময় এলাকার লোকজনও মানববন্ধনে যোগ দেন। দুপুর ১২টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে বেলা সোয়া একটার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে টঙ্গী থানা ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান, গাজীপুর মহানগর ছাত্রলীগের সহসভাপতি মো. মোতাহার হোসেন খান, ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন প্রমুখ অংশ নেন।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের একপর্যায়ে কিছু সময় সড়ক অবরোধ করা হয়। পরে বেলা সোয়া একটার দিকে অবরোধকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
২০০৪ সালের ৭ মে নিজ বাসভবনের সামনে সাবেক টঙ্গী পৌর ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার। এই হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় ছাত্রসমাজের তৎকালীন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম দীপুকে প্রধান আসামি করে আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই মতিউর রহমান পরের দিন টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।