
প্রধান বিচারপতি এস কে সিনহাকে স্বেচ্ছায় পদত্যাগ অথবা স্বপ্রণোদিত হয়ে ষোড়শ সংশোধনী বাতিলের রায় সংশোধন করতে বলেছে আওয়ামী ওলামা লীগ। অন্যথায় সংগঠনটির নেতারা তাঁর বাসভবন ও সুপ্রিম কোর্ট ঘেরাওয়ের হুমকি দিয়েছেন।
আজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রধান বিচারপতিকে অপসারণের দাবিতে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে ওলামা লীগের নেতারা এ হুমকি দেন।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সভাপতি ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নসের সদস্য গোলাম মাওলা নক্সবন্দী বলেন, ‘প্রধান বিচারপতিকে অনুরোধ করব, আপনি সসম্মানে স্বেচ্ছায় পদত্যাগ করুন। অথবা স্বপ্রণোদিত হয়ে এ রায় সংশোধন করে নিজে নিজেই আরেকটি রায়ের ব্যবস্থা করুন।’ তিনি বলেন, বঙ্গবন্ধু মহাত্মা গান্ধীর থেকেও শ্রেষ্ঠ নেতা। তাঁকে হেয় করে ইতিহাসকে ছোট করা হয়েছে, বিতর্কিত করা হয়েছে।
ওলামা লীগের সভাপতি আবদুল হালিম বোখারী প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, ‘যদি পদত্যাগ না করেন, তাহলে সারা দেশের ওলামায়ে কেরাম সুপ্রিম কোর্ট ঘেরাও করে, আপনার বাড়ি ঘেরাও করে সঠিক জবাব দেবে।’
ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে বঙ্গবন্ধু সম্পর্কে আপত্তিকর, কটাক্ষপূর্ণ কথা বলা হয়েছে বলে দাবি করে ওলামা লীগের কার্যকরী সভাপতি আবদুস সাত্তার বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে যারা কটাক্ষ করবে, তাদের লাগাম বন্ধ করে দেব।’ তিনি যার যেখানে খুশি সেখানে কোরবানির পশু জবাই করতে দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
ওলামা লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ শরীয়তপুরী বলেন, ‘এস কে সিনহা বলেছেন বঙ্গবন্ধু একা দেশ স্বাধীন করেননি, নাউজুবিল্লাহ। এই দেশ বঙ্গবন্ধুর একার কারণে স্বাধীন হয়েছে।’
মানববন্ধনে অংশ নিয়ে আরও বক্তব্য দেন ওলামা লীগের কেন্দ্রীয় নেতা ও হাক্কানি তরিকত ফেডারেশনের চেয়ারম্যান কাজী আহমেদুর রহমান, সংগঠনের নেতা আবদুল জলিল, আবদুর রহমান, আতাউর রহমান, মেহেদি হাসান প্রমুখ।