রায় সংশোধন করতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর আহ্বান
সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে দেওয়া রায় সংশোধন করার জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ সোমবার দুপুরে গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘প্রধান বিচারপতি মন্তব্য করেছেন, সংসদ নাকি অযোগ্য লোকদের একটি কেন্দ্র। সংসদ যখন আইন পাস করে বেতন বাড়ায়, তখন খুব যোগ্য হয়; আইন পাস করে যখন বিচার বিভাগকে স্বাধীন করা হয়, তখন সংসদ খুব যোগ্য হয়। তখন কোনো সমস্যা নেই। সমস্যা তখনই, যখন বলা হয় যে বিচারকদের ভুলের বিচার হবে সংসদে।’
প্রধান বিচারপতিকে উদ্দেশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘আমি সংক্ষেপে বলতে চাই, বিচারকদের অপসারণে জুডিশিয়াল কাউন্সিল-সংক্রান্ত রায় নিয়ে আপনি অযাচিতভাবে স্বতঃপ্রণোদিত হয়ে যে কাজগুলো করেছেন, তা আবার নিজের ইচ্ছায় প্রত্যাহার করে নিন। তা যদি না করেন, যদি আপনি মনে করেন, বিচার বিভাগকে জাতির প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাবেন, তা হলে আমাদের বুঝতে হবে বিশেষ কোনো এজেন্ডা নিয়ে এ কাজ করেছেন। আর যদি প্রকৃতই কোনো এজেন্ডা নিয়ে থাকেন, আপনার দায়িত্ব আপনার রায় আপনি সংশোধন করুন।’
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ৭২-এর সংবিধানে লিখেছিলেন যে রাষ্ট্রপতি যদি ভুল করেন মহান জাতীয় সংসদ তাঁর বিচার করবে, অভিশংসন (ইমপিচমেন্ট) করতে পারবে। যদি প্রধানমন্ত্রীও ভুল করেন, তাঁর বিচারের ক্ষমতা জাতীয় সংসদের আছে। রাষ্ট্রের তিন নম্বর ব্যক্তি হলেন মাননীয় স্পিকার। তাঁর বিচারও জাতীয় সংসদ করবে। চার নম্বর ব্যক্তি হলেন প্রধান বিচারপতি। বঙ্গবন্ধু লিখেছেন যে প্রধান বিচারপতি ভুল করলে তাঁর বিচারও জাতীয় সংসদ করবে। এ প্রচেষ্টা পূরণের জন্য আমরা মহান জাতীয় সংসদে বললাম, জাতীয় সংসদই বিচারকদের বিচার করবে। এ ব্যাপারে কেস হয়েছে, রায় হয়েছে। সুপ্রিম কোর্টে এ রায়ের বিরুদ্ধে আমরা আইনি লড়াই করব। কোর্ট যদি মনে করেন জজদের বিচার সংসদ করবে, সেটাও বলতে পারেন, যদি মনে করেন, তাঁদের বিচার জুডিশিয়াল কাউন্সিল করবে, তার মতও দিতে পারেন। আদালতের সেই ক্ষমতাকে চ্যালেঞ্জ করি না, অস্বীকারও করি না। বিচার বিভাগ স্বাধীন, তারা স্বাধীনভাবে বিচার করবে।’
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, গাজীপুর আদালতের সরকারি কৌঁসুলি হারিছ উদ্দিন আহমেদ প্রমুখ।