রায়পুরে আ.লীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আবু তাহেরকে (৬০) কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শনিবার দুপুরে ওই ইউনিয়নের স্টিল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
আবু তাহেরের বড় ছেলে মো ইব্রাহিম বলেন, চর বংশী গ্রামের মো. হোসেন মিয়ার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে তাঁদের। এর জের ধরে হোসেন মিয়াসহ সাত-আটজন তাঁর বাবার ওপর হামলা চালান। এ সময় তাঁর বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করা হয়। ঘটনার সময় তাঁরা কেউ ছিলেন না।
মো. হোসেন মিয়া বলেন, ‘আমাদের জমিতে আমরা কাজ করছি। আবু তাহের বাধা দিতে এলে আমার সঙ্গে তাঁর মারামারি হয়। তাঁরাও আমাকে পিটিয়ে আহত করেন।’
উত্তর চর বংশী ইউপির চেয়ারম্যান আবুল হোসেন বলেন, তাহেরের সঙ্গে হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে হোসেন তাঁকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন। এতে তাঁর বাঁ পা ও হাত ভেঙে গেছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’