রায়পুরে আ.লীগের সম্মেলন হয় না ৯ বছর
শারীরিক অসুস্থতার কারণে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিষ্ক্রিয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। কার্যকরী কমিটির সাতজন সদস্য মারা গেছেন কয়েক বছর আগে। ১০ বছর ধরে নেই দলীয় কার্যালয়। এতে ঝিমিয়ে পড়েছে সাংগঠনিক কর্মকাণ্ড।
দলীয় সূত্রে জানা গেছে, প্রায় নয় বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয় না। ২০১৩ সালে কয়েকবার সম্মেলনের তারিখ দেওয়া হলেও শেষ পর্যন্ত তা হয়নি। চলতি বছরও তিনবার তারিখ দেওয়া হয়। সম্মেলন না হওয়ায় মাঠপর্যায়ের নেতা-কর্মীরা হতাশা প্রকাশ করেছেন। দ্বিধাবিভক্তি ও দলীয় কোন্দলের কারণে দীর্ঘদিনেও এ কমিটি করা যায়নি বলে দলীয় সূত্র জানায়। নবম জাতীয় সংসদ নির্বাচন এবং পৌর নির্বাচনেও দলের ‘বিদ্রোহী’ প্রার্থী ছিলেন। ওই দুটি নির্বাচনেই দলের ভরাডুবি হয়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান বলেন, ২০০৩ সালের ফেব্রুয়ারিতে সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের তিন বছর মেয়ািদ কমিটি হয়। এতে তোজাম্মেল হোসেন চৌধুরী সভাপতি ও ইসমাইল খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গত কয়েক বছরে ৬৭ সদস্যের এ কমিটির নয়জন নেতাই মারা গেছেন। একজনের সিদ্ধান্তে দল চলছে। এ কারণে অধিকাংশ নেতা-কর্মী দলীয় কর্মকাণ্ডে আসেন না। এ ছাড়া সহযোগী সংগঠনগুলোর কমিটিও মেয়াদোত্তীর্ণ।
সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মী জানান, নবম জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে হারুনুর রশিদকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী বিদ্রোহী প্রার্থী হন। স্থানীয় প্রভাবশালী অনেক নেতা-কর্মী মোহাম্মদ আলীর পক্ষে নির্বাচনী মাঠে নামেন। ওই নির্বাচনে দলীয় প্রার্থীর শোচনীয় পরাজয় হয়। পৌর নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকনকে দল সমর্থন দেয়। কিন্তু উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হন। নির্বাচনে দুজনই পরাজিত হন। এসব নিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে।
ইসমাইল খোকন বলেন, দল এখন সুসংগঠিত। প্রতিটি কর্মসূচি পালন করা হয়। নানা জটিলতার কারণে নির্ধারিত তারিখে সম্মেলন করা সম্ভব হয়নি। একক সিদ্ধান্তে নয় বরং সবার সঙ্গে পরামর্শ করেই তিনি দলীয় কর্মকাণ্ড চালান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোজাম্মেল হোসেন চৌধুরী বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে দলকে সময় দিতে পারি না সত্য। তবে সাধারণ সম্পাদক আমাকে না জানিয়ে এবং পরামর্শ না করেই কর্মকাণ্ড করছেন।’
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন গতকাল সোমবার বলেন, সম্মেলনের জন্য কয়েকবার তারিখ ঘোষণা করেও নানা কারণে তা করা সম্ভব হয়নি। তবে আগামী মাসে সম্মেলন করার প্রস্তুতি আছে।