রায়পুরে ছাত্রদলের পাল্টা কমিটি
লক্ষ্মীপুরের রায়পুরে গত শনিবার পৌর ছাত্রদলের ৫৬ সদস্যের পাল্টা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত ১৩ অক্টোবর পৌর ছাত্রদলের কমিটি করা হয়েছিল। ৩৫ দিন পর সেটা বাতিল করে ১৭ নভেম্বর অারেকটি কমিটি করা হয়। এখন সেই কমিটির পাল্টা কমিটি গঠন করা হলো।
দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হকের নেতৃত্বে নেতা-কর্মীরা তাঁর ব্যক্তিগত কার্যালয়ে সভা করেন। এতে মুরাদ হোসেনকে আহ্বায়ক ও মুফরাদ হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি করা হয়। এ কমিটি অনুমোদনের জন্য জেলা ছাত্রদলের কাছে জমা দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে আরও জানা গেছে, গত ১৩ অক্টোবর রায়পুর শহরে আবুল খায়ের ভূঁইয়ার বাসায় স্থানীয় বিএনপির নেতারা সভা করে পৌর ও কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠন করে। ওই কমিটি জেলা ছাত্রদল বাতিল করে। পরে একই বাসায় ১৭ নভেম্বর বিএনপি ও ছাত্রদলের নেতারা সভা করে নবী উল্লা রুবেলকে আহ্বায়ক করে রায়পুর পৌর ছাত্রদল এবং মনোয়ার হোসেনকে আহ্বায়ক করে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ বলেন, ‘রায়পুর পৌর ছাত্রদলের পাল্টা একটি কমিটি পেয়েছি। বিষয়টি নিয়ে আমরা সবার সঙ্গে কথা বলব।’