রায়পুরে ছাত্রলীগের আংশিক কমিটি, একাংশ ক্ষুব্ধ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে। গত রোববার রাতে জেলা ছাত্রলীগ এই কমিটি ঘোষণা করে। সম্মেলন না করে কমিটি করায় একে ‘পকেট কমিটি’ আখ্যায়িত করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন একাংশের নেতা-কর্মীরা।
সম্মেলন না করে এর আগে গত ৭ জানুয়ারি রামগঞ্জ কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। সে সময়ও ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন।
রোববার রাতে ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী ও সাধারণ সম্পাদক রাকিব হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে রায়পুর উপজেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়। পরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে এই কমিটিতে পদ পেতে অন্তত দুই ডজন নেতা-কর্মী দৌড়ঝাঁপ করেন। তাঁরা ১০ মাস ধরে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবিসহ কয়েক শ ব্যানার ও ফেস্টুন লাগিয়ে প্রচারণা চালান।
এ নিয়ে গত ২১ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘রায়পুর উপজেলা ছাত্রলীগ, কমিটি না থাকায় দলীয় কর্মকাণ্ড স্থবির, পদ পেতে দৌড়ঝাঁপ’ শিরোনামে সংবাদ ছাপা হয়।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা ছাত্রলীগের সাতজন কর্মী প্রথম আলোকে বলেন, তাঁদের সবার দাবি ছিল সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করার। কিন্তু জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক রহস্যজনক কারণে সম্মেলন না করে পকেট কমিটি করেছেন। এতে তাঁরা হতাশ ও ক্ষুব্ধ হন। এর আগেও উপজেলা ছাত্রলীগের সম্মেলন না করে পকেট কমিটি করা হয়। এ নিয়ে নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
এ বিষয়ে গতকাল জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী বলেন, রায়পুরে ছাত্রলীগের কমিটি আগে বিলুপ্ত করা হয়েছিল। সেখানে ছাত্রলীগের কার্যক্রম না থাকায় সম্মেলন করা যায়নি। এ জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে কমিটি করা হয়েছে। পরে পূর্ণাঙ্গ কমিটি করা হবে।