রায়পুরে তাহেরের ভূরিভোজ যুবলীগ ও ছাত্রলীগের মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন সামনে রেখে রায়পুর উপজেলার কাউন্সিলরদের ভূরিভোজ করিয়েছেন সভাপতি পদপ্রার্থী আবু তাহের। গতকাল রোববার রাত নয়টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকনের বাসায় এই ভোজসভার আয়োজন করা হয়। এতে কাউন্সিলরসহ দুই শতাধিক নেত-কর্মীকে খাওয়ানো হয়।
এদিকে গত শনিবার বিকেলে উপজেলার ১০টি ইউনিয়নে যুবলীগ ও ছাত্রলীগের নেতারা তাহেরের পক্ষে মহড়া দিয়েছেন। ১০টি মোটরসাইকেলযোগে এ মহড়া দেওয়া হয়। এতে আতঙ্কিত হয়ে পড়েন কাউন্সিলররা।
ভোজের আগে রাত সাতটার দিকে কাউন্সিলরদের সঙ্গে আবু তাহের জেলা পরিষদের ডাকবাংলোয় মতবিনিময় সভা করেন। এ সময় বক্তব্য দেন সভাপতি পদপ্রার্থী আবু তাহের ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী নূরউদ্দিন চৌধুরী ওরফে নয়ন। তাঁরা পরস্পরের আত্মীয়। সভায় তাহের বলেন, ‘দলের জন্য আমাকে উপযুক্ত মনে করলে ভোট দিবেন। আর রায়পুরে আমার অনেক আত্মীয়স্বজন আছে। বিপদে সব সময় আমাকে কাছে পাবেন।’
রাত নয়টার দিকে ভোজসভা শুরু হয়। এতে ৩৭ জন কাউন্সিলরের মধ্যে অধিকাংশই উপস্থিত ছিলেন। সাদা ভাতের সঙ্গে ছিল মুরগির রোস্ট, গরুর মাংস, খাসি, ভাজা মাছসহ আট-দশ পদের তরকারি।
দলীয় সূত্রে জানা যায়, দলীয়ভাবে ভূরিভোজের আয়োজন করা হয়নি। আবু তাহেরের আপন ভায়রা রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন এই আয়োজন করেন।
এ ব্যাপারে ইসমাইল খোকনের বক্তব্য জানার জন্য অনেকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।
নাম প্রকাশ না করার শর্তে মেজবানে উপস্থিত কয়েকজন কাউন্সিলর জানান, তাঁরা খুব মানসিক চাপের মধ্যে আছেন। কাউন্সিলরদের চাপে রাখতে, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের তাহের প্রকাশ্যে মাঠে নামিয়েছেন। তাঁরা ইউনিয়নে ইউনিয়নে মোটরসাইকেল নিয়ে শক্তির মহড়া দিচ্ছেন।
উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কামরুল হাসান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ বিন জাকারিয়া জানান, সম্মেলনের দিন ৩ মার্চ রায়পুর থেকে যুবলীগ-ছাত্রলীগের দুই হাজার নেতা-কর্মী আবু তাহেরের পক্ষে লক্ষ্মীপুরে যাবেন। এ জন্য নেতা-কর্মীদের সঙ্গে কথা বলতে ইউনিয়নগুলোতে তাঁরা ঘুরছেন। ১০টি ইউনিয়নে ২২টি বাস দেওয়া হয়েছে। যুবলীগ ও ছাত্রলীগ তাহেরের পক্ষে মাঠে আছে বলে তাঁরা দাবি করেন।