রায়পুরে ১৩ ডিলারের ১১ জনই আ.লীগের
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির জন্য নিযুক্ত ১৩ জন পরিবেশকের (ডিলার) সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মী বা তাঁদের আত্মীয়স্বজন। বিভিন্ন মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তালিকা পর্যালোচনা করে, এলাকাবাসীর সঙ্গে কথা বলে ও দলীয় সূত্রে জানা গেছে, নিয়োগপ্রাপ্ত ১৩ জন ডিলারের মধ্যে ১১ জনই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী। বাকি দুজন নেতাদের স্বজন।
দক্ষিণ চর বংশী ইউনিয়নের আজিজুর রহমান বলেন, ‘সব কাগজপত্র দিয়ে নীতিমালা মেনে ডিলার নিযুক্ত হওয়ার জন্য আবেদন করি। কিন্তু সরকারদলীয় রাজনীতির সঙ্গে জড়িত না থাকায় আমাকে ডিলার নিয়োগ দেওয়া হয়নি।’
তবে ডিলার নিয়োগ কমিটির সদস্যসচিব ও উপজেলা খাদ্য কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, নীতিমালা মেনে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। রাজনৈতিক বিবেচনায় কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
উপজেলা খাদ্য কার্যালয় সূত্রে জানা গেছে, হতদরিদ্র ব্যক্তিদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় রায়পুরের ১০টি ইউনিয়নে ৫ হাজার ১২৬ জন সুবিধাভোগী ব্যক্তির তালিকা করা হয়েছে। তাঁদের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য ১৩ জন ডিলার হিসেবে নিযুক্ত হয়েছেন। কার্ডধারী ওই ৫ হাজার ১২৬ জন প্রতি মাসে ডিলারের কাছ থেকে ৩০ কেজি করে চাল কিনতে পারবেন। গত ১৯ সেপ্টেম্বর রায়পুরে চাল বিক্রি শুরু হয়। আগামী পাঁচ মাস চলবে এ চাল বিক্রি।
উপজেলার চর আবাবিল ইউনিয়নে ডিলার হয়েছেন সোহেল আহমেদ কৌশিক। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। উত্তর চর বংশী ইউনিয়নের ডিলার মিজানুর রহমান ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। দক্ষিণ চর বংশী ইউনিয়নে ডিলার হয়েছেন দুজন। তাঁদের একজন শাহ জালাল ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতির ছেলে হারুনুর রশিদও এ ইউনিয়নে ডিলার হয়েছেন।
রায়পুর ইউনিয়নে ডিলার হয়েছেন দেলোয়ার হোসেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন।