রিজার্ভ চুরির সঙ্গে ব্যাংক ও সরকারি দলের লোকজন জড়িত: গয়েশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গয়েশ্বর চন্দ্র রায় । ফাইল ছবি
গয়েশ্বর চন্দ্র রায় । ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরির সঙ্গে ব্যাংক ও সরকারি দলের লোকজন জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তাঁর দাবি, সঠিকভাবে ঘটনার তদন্ত হলে এর প্রমাণ পাওয়া যাবে।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কর্মজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গয়েশ্বর এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ‘হ্যাক’ নয়, চুরি হয়েছে। যাদের হাতে ব্যাংকের চাবিকাঠি, তারা ছাড়া এই টাকা লুট হওয়া সম্ভব নয়। আর সরকারি দলের কারও সঙ্গে যোগসাজশ ছাড়া এত টাকা লুট করার সাহসও কারও নেই।
১৯ মার্চের কাউন্সিল সামনে রেখে গয়েশ্বর বলেন, দলে অনেকে আছেন যারা বড় বড় চেয়ার দখল করে আছেন, তাঁরা চেয়ার ছাড়তে চান না। অনেকে চান ওই চেয়ার থেকে আরও ওপরে উঠতে। নেতা-কর্মীরা আশা করছেন, দলের চেয়ারপারসন যোগ্যদের দায়িত্ব দেবেন। চাটুকার, মোসাহেব ও ধান্দাবাজদের পদ দেবেন না।

দলীয় প্রতীকের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ‘বোগাস ও রাবিশ’ অভিহিত করে গয়েশ্বর বলেন, যারা বিনা ভোটে এমপি হয় সেই দলের নেতা-কর্মীরা বিনা ভোটে চেয়ারম্যান হবেন, এটাই স্বাভাবিক। এটাই তাদের কাছে গণতন্ত্র।

অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, আয়োজক সংগঠনের সভাপতি মো. লিটন প্রমুখ বক্তব্য দেন।