রিজার্ভের টাকা চুরি নিয়ে সংসদে আলোচনার দাবি
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরি নিয়ে জাতীয় সংসদে আলোচনার দাবি জানালেন বিরোধীদলীয় সাংসদ কাজী ফিরোজ রশীদ।
গতকাল মঙ্গলবার সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি এ দাবি জানান। এ ঘটনার সঙ্গে কারা জড়িত, সে ব্যাপারে সংসদে শুনানির ব্যবস্থা করার জন্য সংসদে একটি বিশেষ দিন নির্ধারণেরও দাবি জানান তিনি।
জবাবে সংসদ অধিবেশনের পরিচালনার দায়িত্বে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, আলোচনার জন্য সংসদ কার্যপ্রণালি বিধি অনুযায়ী ৭১, ৬২ ও ৬৮ বিধিতে নোটিশ দেওয়া যেত। তাহলে সংসদ এ প্রস্তাব গ্রহণ করতে পারত। এ বিষয়ে পয়েন্ট অব অর্ডারে আলোচনা করা অর্থহীন। তিনি সংসদে আলোচনার জন্য সংসদ কার্যপ্রণালি বিধি অনুযায়ী নোটিশের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
এর আগে অনির্ধারিত আলোচনায় জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া টাকা নিয়ে ফিলিপাইনের সিনেটে শুনানি হয়েছে। সেখানে কিছু টাকা উদ্ধার হয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এখানে আমরা কোনো শুনানি করতে পারলাম না।’ তিনি বলেন, ‘এ ঘটনায় কারা জড়িত, কারা সিসিটিভি বন্ধ করল, কোথায় দুর্বলতা, দায়ীদের খুঁজে বের করতে পারলাম না।’ তিনি বলেন, ‘দেশ থেকে একের পর এক টাকা পাচার হচ্ছে, অফশোর ব্যাংকিংয়ের নামে ৩৪০ কোটি পাচার হয়েছে। এ ঘটনায় এবি ব্যাংক জড়িত।’