আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দাবি করেছেন, রিয়াজ রহমানের ওপর হামলা বিএনপি নেত্রী খালেদা জিয়ার নীলনকশার অংশ। সাধারণ মানুষ মেরে লাভ না হওয়ায় দেশকে অস্থিতিশীল করতে তিনি এখন নিজ দলের নেতা-কর্মীদের হত্যার চেষ্টা করছেন। এ জন্য বিএনপির নেতা-কর্মীসহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল বুধবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে হানিফ এ কথা বলেন।
হানিফ বলেন, রিয়াজ রহমানের ওপর হামলার পর বিবৃতির মধ্য দিয়ে খালেদা জিয়া গত কয়েক দিনের অবরোধে যে তাণ্ডব হয়েছে, তার দায় স্বীকার করে নিয়েছেন।
বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে হানিফ বলেন, ‘কার সঙ্গে সংলাপ, কিসের সংলাপ, কী বিষয় নিয়ে বসব?’ প্রধানমন্ত্রীর রাজনৈতিকবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের এ-সংক্রান্ত একটি বক্তব্য তুলে ধরা হলে তিনি বলেন, এইচ টি ইমাম আওয়ামী লীগের কেউ নন। সুতরাং তাঁর বিষয়ে কোনো কথা নেই।
পরে হানিফ প্রথম আলোকে বলেন, এইচ টি ইমাম সম্পর্কিত বক্তব্য আনুষ্ঠানিক নয়। অব দ্য রেকর্ড। কথা প্রসঙ্গে তিনি এটা বলেছেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুন নাহার লাইলী, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন প্রমুখ।