
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, গুলশান ও শোলাকিয়ার ঘটনা প্রমাণ করে, দেশের নেতিবাচক রুগ্ণ রাজনীতিতে উগ্রপন্থার এক নতুন মাত্রা যোগ হয়েছে এবং জাতি এক মহাদুর্যোগপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলে তিনি এ দুর্যোগ মোকাবিলায় সামাজিক ও রাজনৈতিক শক্তিগুলোকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘সরকারও ঐক্যের আহ্বান জানিয়েছে, খালেদা জিয়াও ঐক্যের আহ্বান করেছেন। ভালো কথা, সবাই ঐক্য চাচ্ছে। আমরা ২০০৫ সাল থেকে জাতীয় ঐক্যের জন্য কাজ করছি। ঐক্যের আহ্বান আমাদের জন্য নতুন কিছু নয়।’ জাতীয় ঐক্যের লক্ষ্যে গণফোরামের উদ্যোগটা কী, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ইতিবাচকভাবে বলছি দেশের সব জনগণের ঐক্য চাই। আমরা শুধু রাজনৈতিক দলের মধ্যে ঐক্য সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা সব নাগরিক সংগঠন, মানবাধিকার, পেশাজীবী ও নারী সংগঠন—সবার কাছে আবেদন রাখছি সন্ত্রাসের বিরুদ্ধে ঐকমত্য গঠন করার ব্যাপারে।’
ঐক্যের লক্ষ্যে বিএনপি সব দলকে নিয়ে কনভেনশন করার প্রস্তুতি নিচ্ছে, আপনাদের দাওয়াত করলে যাবেন কি না, এমন প্রশ্নের জবাবে গণফোরামের সভাপতি উপস্থিত দলের নেতাদের দিকে ইঙ্গিত করে বলেন, ‘ইনাদের নিয়ে বসে, আমাদের স্থায়ী কমিটি আছে, সেখানে এ প্রস্তাব যদি আনুষ্ঠানিকভাবে আসে তাহলে আমরা এজেন্ডা নিয়ে বসব যে, আমরা পেয়েছি। এরপর সবাই মতামত দেবেন পক্ষে-বিপক্ষে। কোন পটভূমিতে এ প্রস্তাব এসেছে, তা বিবেচনা করে প্রাতিষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।’
গুলশানে নৃশংস হত্যাযজ্ঞের ঘটনার উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, ‘এ ধরনের আক্রমণ খুবই কঠিন ব্যাপার। বিভিন্ন দেশে জঙ্গি হামলার ঘটনায় এত দিন ভেবেছি আমরা মুক্ত আছি। ১ জুলাই এ ধারণা ভেঙে গেছে। প্রধানমন্ত্রী বলেছেন এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে। আমি প্রধানমন্ত্রীর বক্তব্যকে গুরুত্ব দিচ্ছি। এই সন্ত্রাস থেকে বাঁচার জন্য আন্তরিকভাবেই জাতীয় ঐক্য দরকার।’ তিনি গুলশানের ঘটনা জাতির সামনে প্রকাশ করার আহ্বান জানান। তিনি বলেন, গুলশানের ঘটনার পেছনে কারা ছিল? কারা এর পরিকল্পনা করেছে, পেছন থেকে মদদ দিয়েছে। সেদিনকার ঘটনার বিস্তারিত প্রতিবেদনের জন্য সারা জাতি অপেক্ষা করছে। তিনি অবস্থাপন্ন পরিবারের ছেলেদের ঘর থেকে বেরিয়ে ছয় মাস হারিয়ে যাওয়ার ঘটনাকে অস্বাভাবিক বলে মন্তব্য করে এ ব্যাপারে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি মফিদুল ইসলাম খান, দলের সভাপতিমণ্ডলীর সদস্য সুব্রত চৌধুরী, এস এম আলতাফ হোসেন, আবদুল আজিজ প্রমুখ।