রুমানা মাহমুদ সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সাংসদ রুমানা মাহমুদ। গত শুক্রবার বিকেলে জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে জেলা বিএনপির সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। জেলা বিএনপির প্রচার সম্পাদক হারুন অর রশিদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার সিরাজগঞ্জ পৌরসভার ভাসানী মিলনায়তনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রুমানা মাহমুদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোকাদ্দেছ আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতরা।
বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে সংশোধিত গঠনতন্ত্রে এক ব্যক্তির এক পদ বিধান করা হয়েছে। ইকবাল হাসান মাহমুদ জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।