রুস্তম আলী ফরাজী ফের জাপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের স্বতন্ত্র সাংসদ মো. রুস্তম আলী ফরাজী জাতীয় পার্টিতে (জাপা) যোগ দিয়েছেন। আজ শনিবার বেলা ১১টায় জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি এই দলে যোগদান করেন।

রুস্তম আলী ফরাজী ১৯৯৬ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসন থেকে প্রথম সাংসদ নির্বাচিত হন। এর আগে ১৯৯০ সালে তিনি জাতীয় পার্টি সমর্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তিনি জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে সাংসদ নির্বাচিত হন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংস্কারপন্থী হিসেবে বিএনপির মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় হন। ২০১৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেনকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন।
যোগদান উপলক্ষে দলের বনানী কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, মহাসচিব সাংসদ রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির হুইপ সাংসদ তাজুল ইসলাম চৌধুরী, সদ্য যোগদান করা সাংসদ রুস্তম আলী ফরাজী, সাংসদ ইয়াহিয়া চৌধুরী প্রমুখ।
এইচ এম এরশাদ বলেন, ‘আমার শাসনামলে দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছি। ডা. রুস্তম আলী ফরাজী সংসদে সাহসী কথা বলেন। তিনি জনপ্রিয় ব্যক্তি। তাঁর জাতীয় পার্টিতে যোগদানের ফলে শুধু মঠবাড়িয়ায় নয়, দক্ষিণাঞ্চলে জাতীয় পার্টি শক্তিশালী হবে।’
জানতে চাইলে রুস্তম আলী ফরাজী বলেন, ‘দক্ষিণাঞ্চলে এরশাদ সাহেবের উন্নয়নের কথা এখনো মানুষ মনে করছে। আমার নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে আলোচনা করে জাতীয় পার্টিতে যোগদান করেছি।’