রূপগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাখালী মোড়ে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। একই দিন নরসিংদী জেলা বিএনপির শোভাযাত্রায় পুলিশি বাধার অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রূপগঞ্জ উপজেলা প্রশাসন মুড়াপাড়া স্টেডিয়ামে গতকাল দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অংশ নিতে সকাল ১০টার দিকে স্থানীয় সাংসদ গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) সমর্থকেরা ইছাখালী মোড়ে অবস্থান নেন। একই সময় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিকের লোকজন সাংসদের বিরুদ্ধে স্লোগান দিয়ে ইছাখালী মোড়ের দিকে মিছিল নিয়ে আসতে থাকেন। এ সময় সাংসদের সমর্থকেরা রফিকুলের লোকজনকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। পরে বেলা একটার দিকে রফিকুলের লোকজন এবং সাংসদের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। এ সময় কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জায়েদ আলীর উদ্যোগে আয়োজন করা সমাবেশস্থলের শতাধিক প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করা হয়। একটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রূপগঞ্জ থানার পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নাওড়া, বরুনা, ইছাখালী, মাঝিনা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০টি ফাঁকা গুলি ছোড়া হয়। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নরসিংদীতে বিএনপির নেতৃবৃন্দ অভিযোগ করেন, গতকাল বিকেল চারটার দিকে জেলা বিএনপির চিনিশপুরের কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির। শোভাযাত্রাটি শহরের জেলখানা মোড় এলাকায় আসার পর পুলিশ বাধা দেয়। পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপির নেতা-কর্মীরা এগিয়ে যেতে চান। পুলিশ এগোতে না দেওয়ায় দুই পক্ষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করে। শোভাযাত্রায় অংশগ্রহণকারী লোকজন প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে পুলিশ অন্তত ১৫টি রাবার বুলেট নিক্ষেপ করে। এতে শোভাযাত্রা ছত্রভঙ্গ হয়ে যায়।
খায়রুল কবির বলেন, ‘শোভাযাত্রা একটি রাজনৈতিক দল করলেও কর্মসূচিটি রাজনৈতিক ছিল না। শান্তিপূর্ণভাবে আমরা শোভাযাত্রা নিয়ে প্রেসক্লাবের দিকে এগিয়ে যাওয়ার পথে পুলিশ বাধার সৃষ্টি করে। একপর্যায়ে লাঠিপেটার পাশাপাশি গুলি ছোড়া শুরু করে তারা। পুলিশের লাঠিপেটায় দলের অন্তত সাত কর্মী আহত হন।’
নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন মিয়া বলেন, ‘পুলিশ নয়, বরং মিছিলকারীরাই পুলিশের ওপর হামলা চালায়। মিছিলকারীদের হামলায় আমাদের তিন সদস্য আহত হন। পরে বাধ্য হয়ে কয়েকটি বুলেট ছোড়া হয়।’