রেলশ্রমিক দলের ৭৮ নেতা কর্মী শ্রমিক লীগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ে শ্রমিক দলের ৭৮ নেতা-কর্মী রেলওয়ে শ্রমিক লীগে যোগ দিয়েছেন। গতকাল শনিবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে শ্রমিক লীগ ওই নেতা-কর্মীদের যোগদান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
সান্তাহার রেলওয়ে স্টেশনের কর্মচারী সূত্রে জানা গেছে, যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলওয়ে শ্রমিক লীগ সান্তাহার শাখার সভাপতি সাজ্জাদ হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল করিম ও চিকিৎসক আবদুস সাত্তার।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মৃধা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান, সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক জাহিদুর বারী প্রমুখ।
যোগদান অনুষ্ঠানে রেলওয়ে শ্রমিক দল থেকে স্টেশনমাস্টার মো. রেজাউল করিমের নেতৃত্বে ১০ নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে রেলওয়ে শ্রমিক লীগে যোগদান করেন।
এ ছাড়া রেলওয়েতে নতুন নিয়োগ পাওয়া সান্তাহার রেলওয়ের বিভিন্ন বিভাগে কর্মরত ৬৮ জন নারী ও পুরুষ রেলওয়ে শ্রমিক লীগে যোগ দিয়ে প্রাথমিক সদস্য হয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করা মিজানুর রহমান নামের এক রেল কর্মচারী প্রথম আলোকে জানান, বিগত চারদলীয় জোট সরকার নিয়োগের পরিবর্তে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে কর্মচারী ছাঁটাই এবং রেলওয়েকে অকার্যকর করে দিয়েছিল।
পক্ষান্তরে শেখ হাসিনার সরকার নতুন নতুন নিয়োগ দিয়ে রেলওয়েকে সমৃদ্ধ করছে। এ কারণে তাঁরা আওয়ামী লীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রমিক লীগে যোগদান করেছেন।