রোজায় ইফতারকেন্দ্রিক রাজনীতিতে সক্রিয় থাকবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজানজুড়ে ইফতারকেন্দ্রিক রাজনীতিতেই সক্রিয় থাকবে বিএনপি। দলটির চেয়ারপারসন দল পুনর্গঠনের কথা বললেও রমজান ও জ্যেষ্ঠ নেতাদের অনেকে কারাগারে থাকায় তা আপাতত গতি পাচ্ছে না।
বিএনপির নেতারা অবশ্য বলছেন, রমজানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ সেভাবে থাকে না। প্রতিবারই ইফতার আর কিছু সাংগঠনিক কর্মকাণ্ডেই দলের কার্যক্রম সীমিত থাকে। এবারও ইফতার আর নিয়মিত ব্রিফিংয়ে অনেকটা সীমিত হয়ে আছে দলের রাজনৈতিক কর্মকাণ্ড।
টানা তিন মাসের আন্দোলন, সিটি নির্বাচনের পর অনেকটা ঝিম মেরে আছে বিএনপি। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচি ছাড়া এর মধ্যে বড় কোনো কর্মসূচি ছিল না। দলীয় চেয়ারপারসন নিজের কার্যালয়ে কিছু মতবিনিময় সভা করেছেন। রমজান মাস শুরু হওয়ার পর থেকে ইফতারকেন্দ্রিক কর্মসূচিতে চলছে রাজনৈতিক কর্মকাণ্ড। বিএনপির চেয়ারপারসন এর মধ্যে এতিম, আলেম-ওলামা, পেশাজীবী ও বিশিষ্ট নাগরিক, কূটনীতিক এবং রাজনীতিক নেতাদের সম্মানে আলাদা চারটি ইফতারের আয়োজন করেছেন। এ ছাড়া বিএনপি-জোটের শরিক বিভিন্ন দলের ইফতারে যোগ দিচ্ছেন খালেদা জিয়া। সেখানে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। এসব ইফতারে জ্যেষ্ঠ নেতারা যোগ দিচ্ছেন, যাঁদের অনেকে এত দিন নিষ্ক্রিয় ছিলেন। এসব ইফতারকে কেন্দ্র দল ও জোটের জ্যেষ্ঠ নেতারা দীর্ঘসময় পর একত্র হওয়ার সুযোগ পাচ্ছেন। বিএনপি ও এর শরিক দলগুলোর ইফতারের বাইরে বিএনপি বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনগুলোও ইফতারের আয়োজন করবে। এ ছাড়া বিএনপি-সমর্থক একাধিক পেশাজীবী সংগঠনের ইফতারেও খালেদা জিয়ার যোগ দেওয়ার কথা আছে।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, রমজানে সবাই রোজা রাখে, রাতে ইবাদত বন্দেগী করে, এ মাসে সক্রিয় রাজনীতি সেভাবে করা যায় না। সব দলেরই একই অবস্থা। বাংলাদেশের রাজনীতিতে এটি একটি সংস্কৃতি যে, এ মাসে ইফতারকেন্দ্রিক অনেক কিছু হয়। ইফতার বা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজনীতি-সামাজিকতার চর্চা করা হয়। এর ভালো প্রভাবও আছে। বিএনপিও তা করছে।
ইফতারের বাইরে প্রায় প্রতিদিন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সংবাদ ব্রিফিং করছেন বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা আসাদুজ্জামান রিপন।
গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনের পর খালেদা জিয়া বলেছিলেন, দল গুছিয়ে আবার আন্দোলন শুরু করবেন। দল পুনর্গঠন শেষ না করেই চলতি বছরের ৫ জানুয়ারি থেকে আবার লাগাতার অবরোধের ডাক দেয় বিএনপি। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে অবরোধ-হরতাল সারা দেশে অনেকটা অকার্যকর হয়ে পড়ে। এ অবস্থায় নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে টানা তিন মাসের আন্দোলনে ছেদ টেনে হঠাৎ সিটি নির্বাচনে অংশ নেয় বিএনপি। এরপর আবারও দল গোছানোর দিকে মনোযোগ দিচ্ছে দলটি।
গত ৯ মে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া এক মতবিনিময় সভায় বলেছিলেন, তিনি আবার দল পুনর্গঠন করবেন। এ জন্য তিনি কাজও শুরু করেছেন। এরপর আরেক মতবিনিময় সভায় তিনি বলেছিলেন, ‘দলের প্রতি নিবেদিত, দলের সঙ্গে বেইমানি করেনি, করবে না, তাঁদেরই এবার আমরা বিভিন্ন জায়গায় নেব। তাঁদের সম্মানিত করতে চাই।’
কিন্তু এখনো সে ধরনের কোনো উদ্যোগ দৃশ্যমান হয়নি। এমনকি দলের নীতিনির্ধারণী পরিষদ স্থায়ী কমিটিতেও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। টানা আন্দোলন, নির্বাচনের পর এখন পর্যন্ত স্থায়ী কমিটির বৈঠকও ডাকা হয়নি।
বিএনপির একাধিক সূত্র জানায়, বিএনপি আশা করেছিল দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা রমজানের আগেই মুক্তি পাবেন। কিন্তু তা হয়নি। দলের নেতাদের একটি অংশ এখনো কারাগারে। অনেকে মামলা কাঁধে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাই এ অবস্থায় দল পুনর্গঠনে আরও কিছু সময় চায় বিএনপি। যাতে পরিস্থিতি আরও স্বাভাবিক ও অনুকূলে আসে। তবে চেয়ারপারসন নিজে নেতাদের বিষয়ে খোঁজ-খবর করছেন। ঈদের পর দলের কয়েকটি অঙ্গ-সহযোগী সংগঠনের কমিটি পুনর্গঠনের কাজ শুরু করা হতে পারে। এর মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মুক্ত হয়ে রাজনীতিতে সক্রিয় হতে পারবেন বলে আশা করা হচ্ছে।
পুনর্গঠনের বিষয়ে মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, প্রায় সাত বছর হলো বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে। দল পুনর্গঠন একটি বড় ব্যাপার। ঈদের পর দল পুনর্গঠন নিয়ে কাজ শুরু হবে বলে তিনি আশা করছেন।
এর আগে ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহতের আন্দোলনের পর গত বছরের ৪ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন, দল গুছিয়ে তাঁরা আবার আন্দোলন শুরু করবেন। এর অংশ হিসেবে কয়েকটি জেলা কমিটি (আংশিক), ঢাকা মহানগরের আহ্বায়ক কমিটি এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি (আংশিক) গঠন করা হয়েছিল। যুবদলের কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। ঢাকা মহানগরের আহ্বায়ক কমিটিকে সব ওয়ার্ড ও থানা কমিটি করার জন্য দুই মাস সময় দেওয়া হয়েছিল। কিন্তু এখনো তারা কোনো কমিটি ঘোষণা করতে পারেনি। ছাত্রদলের কমিটিও পূর্ণাঙ্গ হয়নি, নতুন করে ইউনিট কমিটিগুলোও করা হয়নি।