রোববার থেকে ছাত্রলীগের এক পক্ষের ধর্মঘটের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসীদের গ্রেপ্তার করে চট্টগ্রাম কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা না হলে আগামী রোববার থেকে ছাত্র ধর্মঘটের হুমকি দিয়েছে ছাত্রলীগের এক পক্ষ। কলেজে সংঘর্ষের জন্য চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিমকেও দায়ী করেছে পক্ষটি। গতকাল বুধবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে এই হুমকি দেন তাঁরা। ছাত্রলীগের এই পক্ষটি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের অনুসারী।

মন্ত্রীর অনুসারী ছাত্রলীগের এই পক্ষের নেতৃত্বে রয়েছেন চকবাজার থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নূর মোস্তফা। তবে সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত ছিলেন না। ওই সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সুভাষ মল্লিক। তিনি গত ৩১ জুলাই সংঘর্ষে তিনজন গুলবিদ্ধ হওয়ার ঘটনায় করা মামলার বাদী। হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আগামী রোববার থেকে চট্টগ্রাম কলেজে সর্বাত্মক ছাত্র ধর্মঘট চলবে বলে লিখিত বক্তব্যে জানানো হয়।

লিখিত বক্তব্যে দাবি করা হয়, গত ৩১ জুলাই চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ এবং চকবাজার থানা ছাত্রলীগের যৌথ উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন চলাকালে নুরুল আজিমের অনুসারীরা হামলা চালায়। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। ঘটনার পর ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেও এখনো সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়নি।

এতে বলা হয়, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিমের সঙ্গে যারা চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নাম বহন করছে, তাদের অধিকাংশই অনুপ্রবেশকারী। নুরুল আজিম যখন কারাগারে ছিলেন তখন ক্যাম্পাসের পরিবেশ শান্ত ছিল বলে ছাত্রলীগের এই পক্ষটি দাবি করে।

সংবাদ সম্মেলন চলাকালে ক্যাম্পাসের প্রধান ফটকে পুলিশ অবস্থান নেয়। পরিচয় নিশ্চিত না হয়ে শিক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছিল। এই অবস্থায় দ্রুত সংবাদ সম্মেলন শেষ করা হয়।

সংবাদ সম্মেলনে করা অভিযোগের বিষয়ে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম বলেন, ‘ছাত্রলীগ নেতা হিসেবে আমার একটি দায়িত্ব রয়েছে কলেজকে দুর্বৃত্তদের কবল থেকে রক্ষা করা। আমার কারণে কলেজে কোনো অশান্ত পরিবেশ সৃষ্টি হয়নি, হবেও না।’