রোববার প্রার্থী চূড়ান্ত করবে জাতীয় পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনের জন্য আগামী রোববার দলীয় প্রার্থী চূড়ান্ত করবে জাতীয় পার্টি (জাপা)। এদিন পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ তাঁর কার্যালয়ে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেবেন। এরপর সেদিনই প্রার্থী চূড়ান্ত করা হবে।
জাপার সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ২৯ নভেম্বর তাঁরা দলীয় প্রার্থী মনোনীত করবেন। যেসব পৌরসভায় নির্বাচন হচ্ছে এর সব কটিতেই জাপা এককভাবে প্রার্থী দেবে। তিনি বলেন, নির্বাচন কমিশনের গেজেটে বলা হয়েছে, দলের সভাপতি/সাধারণ সম্পাদক দলীয় প্রার্থী মনোনীত করবেন। এটি কেন্দ্রীয় সভাপতি/সাধারণ সম্পাদক নাকি উপজেলা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক বোঝানো হয়েছে—তা স্পষ্ট নয়। তবে সাধারণত সভাপতি/সাধারণ সম্পাদক বলতে কেন্দ্রীয় দুজনকেই বোঝানো হয়। সে হিসেবে জাপার চেয়ারম্যান ও মহাসচিব প্রার্থী মনোনীত করবেন।