>

বিএনপির নেতা মোসাদ্দেক হোসেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নেন ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর। কাগজপত্রে দায়িত্বে ছিলেন ২০ মাস। এর মধ্যে আত্মগোপনে ছিলেন তিন মাস। দুই মেয়াদে জেলে কাটান সাড়ে তিন মাস। বরখাস্ত হয়ে আছেন ২১ মাস ধরে। এই প্রেক্ষাপটে প্রথম আলো তাঁর মুখোমুখি হয়।
প্রথম আলো: কেমন আছেন।
মোসাদ্দেক হোসেন: কেমন আর থাকব। সরকারের রোষানলে পড়েছি। বলতে পারেন মামলা নিয়েই আছি। ২২-২৩টি মামলা। মাসের ১৬ দিন থাকি রাজশাহীর আদালতে, এক সপ্তাহ থাকতে হয় ঢাকায়, হাইকোর্ট-সুপ্রিম কোর্টে।
প্রথম আলো: বলছিলেন আপনার বিরুদ্ধে দায়ের করা সব মামলাই রাজনৈতিক। কিন্তু ওই সময় তো ঘটনাগুলো ঘটেছে।
মোসাদ্দেক: ঘটনা ঘটেছে ঠিক, কিন্তু তাতে আমাদের সম্পৃক্ততা নেই। সরকারের পরিকল্পনায় এসব ঘটনা ঘটেছে। তাদের বাহিনী দিয়ে আগুন দেওয়া হয়, পুলিশ সদস্য সিদ্ধার্থ খুন হন।
প্রথম আলো: তাহলে ওই সময়কার আন্দোলনে আপনাদের ভূমিকা কী ছিল?
মোসাদ্দেক: আমরা থানা-ওয়ার্ডে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ আন্দোলন করেছি। বিএনপির কোনো নেতা-কর্মীকে ঘটনাস্থল থেকে পুলিশ ধরতে পারেনি। সরকারের বাহিনী ঘটনা ঘটিয়ে আমাদের ওপর চাপায় পরিকল্পিতভাবে।
প্রথম আলো: মেয়রের দায়িত্ব পাওয়ার পর তো সরকারের সহযোগিতা পেয়েছিলেন, পরিস্থিতি পাল্টাতে বিরোধী দল তথা বিএনপির জ্বালাও-পোড়াও আন্দোলন কি দায়ী নয়?
মোসাদ্দেক: প্রায় ১৬ মাস দায়িত্বে ছিলাম। স্থানীয় সরকার সরকারেরই প্রতিষ্ঠান। সে হিসেবে সহযোগিতা তো পেয়েছি। প্রায় ১০০ কোটি টাকার ড্রেনের কাজ করেছি। আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করেছি, সভা-সমাবেশ করেছি। পরিস্থিতি পরিবর্তনের জন্য আমাদের আন্দোলন দায়ী নয়। সরকারের ছত্রচ্ছায়ায় পুলিশ জ্বালাও-পোড়াও করে আমাদের ওপর চাপিয়েছে।
প্রথম আলো: বিএনপির সমর্থক হয়েও বরিশাল ও খুলনার মেয়র পুরো সময় দায়িত্ব পালন করছেন। আপনার ক্ষেত্রে ভিন্ন রকম কেন?
মোসাদ্দেক: একেক সিটি করপোরেশনের প্রেক্ষাপট একেক রকম। কেউ কেউ সমঝোতা করে দায়িত্ব পালন করেছেন। আমরা আঞ্চলিক রাজনৈতিক কারণে প্রতিহিংসার শিকার হয়েছি, যেটা হওয়া উচিত নয়। এখানে ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী নেতা আছেন। তিনি চান রাজশাহীর প্রশাসন তাঁর নিয়ন্ত্রণে থাকুক। সে জন্য তিনি যা ইচ্ছা তা-ই করছেন।
প্রথম আলো: গণমাধ্যমে খবর বেরিয়েছে, আপনার বরখাস্তে স্থানীয় বিএনপির একটি পক্ষ খুশি।
মোসাদ্দেক: বিএনপি একটি বড় দল। আমার বরখাস্তে দলের মধ্যে কারও কারও স্বার্থের কিছু ব্যাপার থাকতেই পারে। এটা যার যার স্বাধীন চিন্তা। তবে আমরা সবাই এক দল করি, একসঙ্গে রাজনীতি করি।
প্রথম আলো: নির্বাচনের সাড়ে তিন বছর পার হয়েছে। আপনি ২১ মাস নেই। দায়িত্বে থাকতে প্রতিশ্রুতির কতটা পূরণ করতে পেরেছেন।
মোসাদ্দেক: রাজশাহীকে গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। যত দিন দায়িত্বে ছিলাম, ভালোভাবেই তা করেছি। জনগণ তার বিচার করবে। এখন আমাকে জোর-জবরদস্তি করে দায়িত্ব দেওয়া হচ্ছে না। স্থানীয় সরকার আইনের যে ধারার বলে আমাকে বরখাস্ত করা হয়েছিল, আদালত সেটা অবৈধ বলেছেন। তারপরও বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হচ্ছে না।
প্রথম আলো: ২০১৪ সালের সংসদ নির্বাচনে বিএনপির না যাওয়াকে কীভাবে দেখছেন? বর্তমান রাজনৈতিক সমস্যার শুরু কি সেখান থেকে নয়?
মোসাদ্দেক: আন্দোলনের অংশ হিসেবে বিএনপি ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করেছে। আমি মনে করি, বিএনপির এতে ক্ষতি হয়নি। বিএনপি জনগণকে বোঝাতে সক্ষম হয়েছে যে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন বর্জন করতে হয়েছে। আর রাজনৈতিক সমস্যার শুরু নির্বাচন বর্জন থেকে হয়নি, এর শুরু হয়েছে এক-এগারোর প্রেক্ষাপট থেকে।
(সাক্ষাৎকার নিয়েছেন সেলিম জাহিদ ও আবুল কালাম মুহম্মদ আজাদ)