রৌমারী আ.লীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম রৌমারী উপজেলায় সাত বছর পর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সম্মেলনে ভোটের মাধ্যমে সভাপতি পদে সাবেক সাংসদ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক পদে রেজাউল ইসলাম নির্বাচিত হন।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ওই সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের নেতারা এবং উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশ নেন। ১৪৪ ভোটের মধ্যে সভাপতি ৬৫ আর সাধারণ সম্পাদক ৬১ ভোট পেয়ে বিজয়ী হন।
ভোট গ্রহণের আগে সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালের মার্চ মাসে সম্মেলনের পর সাত বছর কেটে যায়। দীর্ঘদিন পর সম্মেলন হওয়া নিয়ে নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক সাংসদ জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাদের, আওয়ামী লীগের নেতা ফজলুল হক মনি, বদিউজ্জামান বাচ্চু ও আইনজীবী মাসুম ইকবাল। আর সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আবদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ও রৌমারী সিজি জামান হাইস্কুলের প্রধান শিক্ষক আবু হোরায়ারা।
এদিকে ভোট আদায়ের জন্য ভোটারদের অর্থ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে জাকির হোসেন ও রেজাউল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করেছেন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, সাধারণ সম্পাদক জাফর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা যুবলীগের সদস্য আতাউর রহমান বিপ্লব প্রমুখ।