রোগী কল্যাণ সমিতির কার্যক্রম বাড়ানোর আহ্বান মেয়রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের রোগী কল্যাণ সমিতির কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, সমাজে দানবীর মানুষের সংখ্যা কম নয়। তাঁদের কাছ থেকে পাওয়া দানের অর্থ সুন্দরভাবে সমন্বয় করে অসহায় ও গরীব মানুষের চিকিৎসাসেবায় আরও বেশি অবদান রাখতে পারে সমিতি। একই সঙ্গে সমিতির তহবিল বাড়ানোর কাজও এগিয়ে নিতে হবে।

গতকাল সোমবার সমিতির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। সকাল ১০টায় মেডিকেল কলেজের শাহ্ আলম বীর উত্তম মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের পরিচালক ও রোগী কল্যাণ সমিতির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান মো. আবদুচ ছালাম।

আবদুচ ছালাম বলেন, রোগী কল্যাণ সমিতির কার্যক্রম প্রশংসনীয়। গরিব ও অসহায় রোগীদের পাশে দাঁড়িয়ে তারা জনকল্যাণমূলক কাজ করছে।

সভায় আরও বক্তব্য দেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য সৈয়দ মোরশেদ হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক প্রদীপ দত্ত, শাহানারা চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা অভিজিৎ সাহা, সিটি করপোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ, আবিদা আজাদ প্রমুখ।