রোজার ঈদের পর বড় পরিসরে বৈঠক করে দল গোছানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তার আগে ঈদে এলাকায় গিয়ে আন্দোলনে ক্ষতিগ্রস্ত নেতা-কর্মী এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের প্রতি নির্দেশ দিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
গুলশানের নিজ কার্যালয়ে গতকাল সোমবার রাতে দলের স্থায়ী কমিটি, উপদেষ্টা পরিষদ, ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া এ নির্দেশ নিয়েছেন।
আগামীকাল বুধবার খালেদা জিয়া পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। তার আগে এই বৈঠক হলো। রাত সোয়া ৯টা থেকে ১১টা পর্যন্ত বৈঠক চলে। পরে বৈঠক সম্পর্কে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন।
নজরুল ইসলাম খান বলেন, বৈঠকে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এই সরকারের দুর্নীতি, দমননীতি, খুন, গুম, হামলা, মামলার নিন্দা জানানো হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন না করতে এই সরকারের প্রতি বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
নজরুল ইসলাম খান আরও জানান, সভায় বিএনপির কারাবন্দী ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব নেতা-কর্মীর মুক্তির দাবি করা হয়। এ ছাড়া বৈঠকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি ও গম আমদানি নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করে এর নিন্দা জানানো হয়। বৈঠকে অভিযোগ করা হয়, বিএনপি নেতা নাসির উদ্দীন পিন্টু ও মোসলেহ উদ্দিন বিনা চিকিৎসায় কারাগারে মারা গেছেন। এ ছাড়া সাংগঠনিক শক্তি জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয় এ বৈঠকে।
নজরুল ইসলাম খান বলেন, বিএনপি সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আছে এবং থাকবে।
রাত নয়টা থেকে শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা ধরে এ বৈঠক চলে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সারোয়ারী রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, হাফিজ উদ্দিন আহম্মেদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, শওকত মাহমুদ, শাহজাহান ওমর, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, মাহবুব উদ্দিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।