রোববার বিক্ষোভ করবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কবির রিজভী। প্রথম আলো ফাইল ছবি।
রুহুল কবির রিজভী। প্রথম আলো ফাইল ছবি।

দুর্নীতির এক মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আগামী রোববার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

আজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। রিজভী এই গ্রেপ্তারি পরোয়ানাকে সরকারের নীলনকশার অংশ বলে মনে করছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির না হওয়ায় বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান। আদালতে হাজির না হওয়ায় যুক্তিতর্ক শুনানির জন্য ৫, ৬ ও ৭ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।

সংবাদ সম্মেলনে বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, হাবিব–উন–নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপি ছাড়াও খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল শনিবার, যুবদল শুক্রবার ও ছাত্রদল শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।