রোহিঙ্গা ফেরত যাক বিএনপি চায় না: হাছান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছান মাহমুদ
হাছান মাহমুদ

রোহিঙ্গাদের ফেরত যাওয়া নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, বিএনপি মহাসচিবের বক্তব্যের মাধ্যমে এটিই প্রমাণিত হয় যে তারা(বিএনপি) চায় না রোহিঙ্গারা তাদের দেশে (মিয়ানমার) ফিরে যাক।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ আয়োজিত 'বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ : ঐতিহাসিক দলিল' শীর্ষক মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এই মন্ত্রী বলেন, 'রোহিঙ্গাদের দেখতে যাওয়ার সময় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছিল। সেটি ছিল বিএনপির পরিকল্পনার অংশ। এবার রংপুরে সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়েছে। এসব ঘটনা একই সূত্রে গাঁথা। প্রকৃতপক্ষে বিএনপি চাইছে ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে।

আওয়ামী লীগের মুখপাত্র হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতারা বলছেন নেতা কর্মীদের চাঙা করতে খালেদা জিয়া দেশব্যাপী সফর করবেন। আমি বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, অতীতে আপনারা রাজনৈতিক কর্মসূচির নামে দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করেছেন, আগুন সন্ত্রাসের মাধ্যমে নিরীহ জনগণকে হত্যা করেছেন। এবারও যদি বেগম জিয়া তার কর্মসূচির মাধ্যমে দেশে স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করেন তাহলে আওয়ামী লীগের নেতা কর্মীরা তা কঠোর ভাবে প্রতিহত করবে।

সাবেক পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি বলছে রাষ্ট্র নাকি গুমের কথা স্বীকার করেছে। প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী বিএনপি নেতাদের স্বেচ্ছায় নিখোঁজ হওয়ার কথা বলেছেন। তারা যে মামলা থেকে রেহাই পেতে নিখোঁজ হয়ে আবার হাজির হন সে কথা বলেছেন।

আয়োজক সংগঠনের সভাপতি জাকারিয়া হানিফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।