নাইক্ষ্যংছড়ি জঙ্গি প্রতিরোধ কমিটি
রোহিঙ্গা সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ নাকচ করলেন সভাপতি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধ কমিটির শফি উল্লাহ দাবি করেছেন, কোনো জঙ্গি ও রোহিঙ্গা সংগঠনের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নেই। তিনি নাইক্ষ্যংছড়ি কলেজে শিক্ষকতা করেন ও ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতি করেন। জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের একাংশ বিভিন্ন অপপ্রচার চালিয়ে তাঁকে বিতর্কিত করার চেষ্টা করছে।
বান্দরবান জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন। রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনসহ (আরএসও) বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে তিনি জড়িত রয়েছেন মর্মে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে নিজের অবস্থান তুলে ধরার জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
বেলা সাড়ে ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রহিম চৌধুরী, এ কে এম জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক লক্ষ্মীপদ দাশ, হ্লাথেয়াইহ্রী মারমাসহ অনেকে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে শফি উল্লাহ বলেন, তিনি যখন জামায়াত-শিবির ও জঙ্গিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে মাঠে নেমেছেন, তখন তাঁকে হেয়প্রতিপন্ন করার জন্য অপপ্রচার চালানো হয়েছে। এবারও তাঁকে সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধ কমিটির সভাপতি করায় ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে। তিনি দাবি করেন, তাঁর মা-বাবা যুগ যুগ ধরে নাইক্ষ্যংছড়িতে বসবাস করে আসছেন ও শিক্ষা-সংস্কৃতিতে অবদান রেখেছেন। মুক্তিযুদ্ধেও অবদান রেখেছেন। তাঁর বাংলাদেশেই জন্ম হয়েছে।
বিভিন্ন দৈনিকে প্রকাশিত সংবাদে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের সভা-বৈঠকে যোগদানের তাঁর ছবি প্রসঙ্গে শফি উল্লাহ বলেন, সব সংবাদ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত এবং ছবিগুলো সম্পাদনা করে ছাপা হয়। লিখিত বক্তব্যে ছাত্রজীবনে তিনি ছাত্রলীগ করতেন দাবি করলেও কোন শাখায় ছিলেন জানতে চাইলে তিনি বলেন তিনি কোনো নেতা-কর্মী ছিলেন না, সমর্থক ছিলেন।