সাবেক সেনাপ্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মাহবুবুর রহমান বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সমস্যা তৈরি করেছে মিয়ানমার। এর সমাধান মিয়ানমারকেই করতে হবে। তবে দেশে গণতন্ত্রের শূন্যতার কারণে এ সমস্যা সমাধানের জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিকভাবে চাপ তৈরি করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে রোহিঙ্গাদের নিয়ে এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। সাউথ এশিয়া ইয়ুথ ফর পিস অ্যান্ড প্রসপারিটি ‘রোহিঙ্গা প্রসঙ্গ ও বাংলাদেশের নিরাপত্তা’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে। জোনাইদ আল মামুনের সঞ্চালনায় আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সহকারী গবেষক এম মাহমুদ।
সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান বলেন, দেশের এত সমস্যা রয়েছে যে বাইরের দেশের মানুষকে নেওয়ার শক্তি বাংলাদেশের নেই। তা ছাড়া রোহিঙ্গাদের নিয়ে অতীত ইতিহাস সুখকর নয়। রোহিঙ্গাদের অবস্থানকে কেন্দ্র করে কক্সবাজার ও তার আশপাশের এলাকা অস্থির হয়ে উঠেছে। রোহিঙ্গাদের কেন্দ্র করে এনজিওদের অভয়ারণ্য হয়ে জঙ্গিবাদ মাথাচাড়া দিচ্ছে, নিরাপত্তার সমস্যা হচ্ছে। কাজেই সমস্যা যেহেতু মিয়ানমারের, সমাধানও তাদেরই করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যের সঙ্গে অবশ্য ভিন্নমত পোষণ করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। তিনি অভিযোগ করেন, পশ্চিমা শক্তির সঙ্গে সুর মিলিয়ে রোহিঙ্গা প্রশ্নে আওয়ামী লীগ ও বিএনপি একই সুরে কথা বলছে। মানবিক কারণে তাদের আশ্রয় দেওয়া উচিত। রোহিঙ্গাদের আন্দোলনে সমর্থন দেওয়া বাংলাদেশের নৈতিক দায়িত্ব। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী বলেন, রোহিঙ্গাদের কারণে সাগরপথে মানব পাচার ত্বরান্বিত হয়েছে।