রোহিঙ্গাদের আশ্রয়ের দাবিতে বিএনপির মানববন্ধন শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারেক রহমানের দশম কারামুক্তি দিবসে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: মো. কাজী সোহেল
তারেক রহমানের দশম কারামুক্তি দিবসে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: মো. কাজী সোহেল

রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ ও বাংলাদেশে তাদের আশ্রয় দেওয়ার দাবিতে সারা দেশে আগামী শুক্রবার মানববন্ধন কর্মসূচির ঘোষণা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দশম কারামুক্তি দিবসে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের বাড়ি কলাকোপার পুকুরপাড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রিজভী বলেন, প্রতিদিন হাজার হাজার মুসলিম রোহিঙ্গা নারী-পুরুষের ওপর অমানবিক নির্যাতন হচ্ছে। বাংলাদেশ সরকার এ দৃশ্য দেখেও নিশ্চুপ রয়েছে। মুসলিম জাতি হিসেবে প্রতিবাদ না করায় এটি একটি ন্যক্কারজনক ঘটনা। তিনি আরও বলেন, এ সরকার ক্ষমতার বলে নিম্ন আদালতকে জিম্মি করে রেখেছে। তাই দেশে আইনের প্রতি কোনো শ্রদ্ধাবোধ নেই। পুলিশ যা ইচ্ছা তা-ই করছে। শুধু তা-ই নয়, দিনে দুপুরে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের গুম করছে। এ বিষয়ে বিচার চাইতে গেলে তাঁদের ওপরও নির্যাতন চালায় পুলিশ বাহিনী।
ঢাকা জেলা বিএনপির সহসভাপতি শাহাবুদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমীরুল ইসলাম, গাজিপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ইয়াছিন ফেরদৌস প্রমুখ।